ভুয়া কমিউনিটি পুলিশের তিন সদস্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে গতকাল বুধবার দুপুরে ভুয়া কমিউনিটি পুলিশের তিন সদস্যকে আটক করেছে চকবাজার থানার পুলিশ। তাঁরা হলেন জাহাঙ্গীর আলম, এম এ কুদ্দুস শেখ ও সোহেল রানা। কুদ্দুস ও সোহেলকে পুরান ঢাকার ইসলামবাগ এবং জাহাঙ্গীরকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আটক করা হয়।
ভুয়া কমিউনিটি পুলিশ সদস্যদের আটকের খবর জানাতে দুপুরে মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করা হয়। এতে ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তিরা বলেছেন, তাঁরা পুলিশে চাকরি দেওয়া, প্লট বরাদ্দসহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে রাজধানীসহ বিভিন্ন জেলা ও উপজেলার ১৫ হাজার লোকের কাছ থেকে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন। তাঁরা এঁদের অনেককে ডিএমপির মনোগ্রামযুক্ত পুলিশের পোশাক পরিয়ে এবং পুলিশের ভুয়া পরিচয়পত্র দিয়ে বিভিন্ন স্থানে দায়িত্ব বণ্টনও করেন। ওই ব্যক্তিরা পরে জানতে পারেন, তাঁরা প্রতারণার শিকার হয়েছেন। কিন্তু তাঁদের সঙ্গে প্রতারণা করা ব্যক্তিরা এর আগেই সরে পড়েন।
মফিজ উদ্দিন আরও বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে বাংলাদেশ সন্ত্রাস প্রতিরোধ কমিউনিটি পুলিশের কার্যক্রমের ব্যবহৃত বিভিন্ন সদস্যের ছবি সংবলিত পরিচয়পত্র, বাংলাদেশ সন্ত্রাস প্রতিরোধ কমিউনিটি পুলিশের ১০০, ৫০ ও ১০ টাকার স্ট্যাম্প, ভর্তি ফরম, অপরাধীদের গ্রেপ্তারে সিসি বই ও বাংলাদেশ সন্ত্রাস প্রতিরোধ কমিউনিটি পুলিশের সভাপতির ছবিসংবলিত বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়েছে।