ভুয়া ঠিকানা দিয়ে পুলিশে চাকরির চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর উপজেলার একজনকে ঢাকার ধামরাই উপজেলার বাসিন্দা দেখিয়ে পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ ঘটনার নেপথ্যে একটি চক্র জড়িত বলে জানা গেছে। 
জানা গেছে, চুয়াডাঙ্গা সদরের দোস্ত গ্রামের মোস্তফা আলীর ছেলে আলামিন হোসেন (১৯) এ বছর দর্শনা সরকারি কলেজ থেকে এইচএসসি (উচ্চমাধ্যমিক) পরীক্ষা দিচ্ছেন। চলতি বছরের ১৭ মার্চ ঢাকায় পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা হয়। আলামিন ধামরাই উপজেলার সেনাইল গ্রামের বাসিন্দা হিসেবে পরীক্ষায় অংশ নেন।
৫ এপ্রিল আলামিন প্রথম আলোকে জানান, নিয়োগ পরীক্ষার আগে তাঁর গ্রামের মোশারফ হোসেন তাঁকে আশ্বাস দেন, পুলিশের একজন বড় কর্মকর্তার মাধ্যমে তাঁকে ঢাকা জেলার কোটায় পুলিশে নিয়োগ দেওয়া হবে। এ জন্য মোশারফকে সাড়ে তিন লাখ টাকা দিতে হবে। এরপর জমিজমা বিক্রি করে মোশারফকে সাড়ে তিন লাখ টাকা দেন তিনি। টাকা দেওয়ার সময় স্ট্যাম্পে মোশারফের কাছ থেকে লিখিত নেন তাঁর পরিবার। নিয়োগ পরীক্ষার আগে তাঁকে মোশারফ ঢাকায় নিয়ে যান। সেখানে পুলিশের কয়েকজন কর্মকর্তার সঙ্গে তাঁদের কথা হয়। ওই সময় ধামরাই উপজেলার রুয়াইল ইউনিয়নের সেনাইল গ্রামের স্থায়ী বাসিন্দা দেখিয়ে পুলিশে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র (প্রবেশপত্র নম্বর ১৩২৭ ) দেওয়া হয় তাঁর হাতে।
ওই প্রবেশপত্রে ১৭ মার্চ ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে নিয়োগ পরীক্ষায় অংশ নেন আলামিন। ওই দিন সন্ধ্যায় মৌখিক পরীক্ষা হলেও তাঁকে ডাকা হয়নি। চাকরি অনিশ্চিত ভেবে বাড়ি ফিরে যান তিনি। এরপর মোশারফের কাছে টাকা ফেরত চান। এরই মধ্যে তাঁর বিরুদ্ধে মোশারফ সদর থানায় লিখিত অভিযোগ করেন। সেখানে মোশারফ উল্লেখ করেন, আলামিন তাঁকে জিম্মি করে সাদা স্ট্যাম্পে সই করিয়ে নিয়েছেন, যা উদ্ধার হওয়া প্রয়োজন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী আসাদুজ্জামান বিষয়টি তদন্তের জন্য বেগমপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শিকদার মনির হোসেনকে দায়িত্ব দেন। এসআই মনির ৪ এপ্রিল বিকেলে উভয় পক্ষকে নিয়ে ফাঁড়িতে সালিসে বসেন। একপর্যায়ে মোশারফ ঘটনার সত্যতা স্বীকার করেন এবং তাৎক্ষণিকভাবে এক লাখ টাকা আলামিনকে ফেরত দেন। বাকি টাকা পরিশোধের জন্য এক মাস সময় নেন।
মোশারফ হোসেন বলেন, পাশের যদুপুর গ্রামের পারঘাটা পাড়ার এক ব্যক্তির পরামর্শে তিনি পুলিশে লোক নিয়োগ চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন। ওই ব্যক্তির এক ভাই বর্তমানে ঢাকায় পুলিশে কর্মরত আছেন বলে তিনি জানান।
এসআই মনির বলেন, প্রতারিত আলামিন ও তাঁর পরিবার হতদরিদ্র। তাই সালিসের মাধ্যমে টাকা আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
ওসি মুন্সী আসাদুজ্জামান ভুয়া ঠিকানায় পুলিশে চাকরির চেষ্টার বিষয়ে বলেন, চক্রের সদস্যদের বিষয়ে খোঁজখবর ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।