ভুয়া ঠিকানায় পাঠানো ১২ কেজি সোনা আটক
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ইউনিটে একটি কাঠের বাক্স থেকে প্রায় ১২ কেজি সোনা উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। ১২টি বারে এই সোনা ছিল। গত বৃহস্পতিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে এই বারগুলো উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সূত্র জানায়, পাচার করা ওই ১২ কেজি সোনা হংকং থেকে বাংলাদেশের ভুয়া ঠিকানা ব্যবহার করে পাঠানো হয়েছে। এই সোনার আনুমানিক দাম ছয় কোটি টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান গতকাল শুক্রবার প্রথম আলোকে জানান, গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল চারটার দিকে শুল্ক গোয়েন্দাদের একটি দল বিমানবন্দরের এয়ার কার্গো ইউনিটে অভিযান শুরু করে। চোরাচালানের সোনা জব্দ করতেই এ অভিযান চলে। শেষে রাত আড়াইটার দিকে একটি কাঠের বাক্সে সোনার অস্তিত্ব পাওয়া যায়। বাক্সটির ওজন প্রায় ১৪০ কেজি। ভেতরের অংশ বিভিন্ন ব্র্যান্ডের বৈদ্যুতিক পাখা দিয়ে ভর্তি ছিল। কিন্তু বাক্সটির ভেতর প্লাস্টিক দিয়ে একটি ফলস সিলিং তৈরি করে তার মধ্যে রাখা ছিল ১২টি সোনার বার। বাক্সটি ক্যাথে প্যাসিফিক কার্গো ফ্লাইটে বৃহস্পতিবার সন্ধ্যায় হংকং থেকে ঢাকায় আসে। খালাস করে তা এয়ার কার্গোতে রাখা হয়।
মইনুল খান জানান, সোনার বারগুলোর প্রতিটির ওজন প্রায় এক কেজি। এ ওজনের সোনা সাধারণত সিঙ্গাপুরে পাওয়া যায়। তাই ধারণা করা হচ্ছে, সিঙ্গাপুর থেকে সোনাগুলো পাচার করে হংকং হয়ে ঢাকায় পাঠানো হয়েছে। কাগজপত্র ঘেঁটে দেখা গেছে, হংকংয়ের শিপার গ্লোবাল ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান ঢাকার জারা ইন্টারন্যাশনালের নামে বাক্সটি পাঠিয়েছে। জারা ইন্টারন্যাশনালের ঠিকানা দেওয়া হয়েছে গুলশান-২ নম্বরে। কিন্তু ঠিকানা অনুযায়ী গিয়ে এই প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। সেখানে বসতবাড়ি রয়েছে। অন্যদিকে, হংকংয়ের ওই প্রতিষ্ঠানটির ব্যাপারে শুল্ক গোয়েন্দাদের আন্তর্জাতিক সংস্থা রিজিওনাল ইন্টেলিজেন্স লিয়াজোঁ অফিসের (রাইলো) মাধ্যমে হংকংয়ের কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২২ মাসে শুল্ক গোয়েন্দারা প্রায় ২৭ মণ সোনা জব্দ করেন। সোনা চোরাচালানে জড়িত অভিযোগে ১১৫ জনকে আটক করেন। তাদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৫ জন কর্মকর্তা ও কর্মচারীও আছেন। এ সময়ের মধ্যে সোনা চোরাচালানের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের তিনটি উড়োজাহাজও জব্দ করা হয়েছে।