ভুয়া তথ্যে চাকরির আবেদন
চুয়াডাঙ্গায় রুবেল হোসেন নামের এক ব্যক্তি মুক্তিযোদ্ধার নাতি হিসেবে ভুয়া তথ্য দিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তার (এসএএও) পদে আবেদন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে তিনি মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এ ঘটনায় বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১২ ডিসেম্বর ঢাকায় এসএএও পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণদের ৭ থেকে ১১ ফেব্রুয়ারি মৌখিক পরীক্ষা নেওয়া হয়। ১৩ ফেব্রুয়ারি প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়।
নিয়োগপত্র পাঠানোর আগে অধিদপ্তর থেকে প্রাথমিকভাবে নির্বাচিতদের তথ্য যাচাই করা হয়। এতে দেখা যায়, মুক্তিযোদ্ধা পোষ্য কোটায় আবেদন করা রুবেল হোসেন আবেদনপত্রে নিজেকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল লতিফের মেয়ে সুফিয়া খাতুনের ছেলে বলে উল্লেখ করেছেন। অথচ সুফিয়া খাতুন নামে আবদুল লতিফের কোনো মেয়েই নেই। আবদুল লতিফ দামুড়হুদার বিষ্ণুপুর ব্লকের এসএএও পদে কর্মরত রয়েছেন।
এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক আবুল কালাম ঘটনাটি তদন্ত করছেন। তিনি রুবেলের বিষয়ে আবদুল লতিফের লিখিত জবানবন্দি গ্রহণ এবং এর সত্যতা যাচাই করে মন্তব্যসহ পাঠানোর জন্য দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা (ইউএও) সুফি মো. রফিকুজ্জামানকে ১১ মার্চ দায়িত্ব দেন।
১৫ মার্চ আবদুল লতিফ জবানবন্দিতে উল্লেখ করেন, সুফিয়া খাতুন নামে তাঁর কোনো মেয়ে নেই। রুবেল হোসেনের দাবি মিথ্যা। ইউএও রফিকুজ্জামান তাঁর (লতিফ) লিখিত জবানবন্দিসহ মন্তব্য ১৬ মার্চ আবুল কালামের কাছে পাঠিয়েছেন।
জানা গেছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ের এক কর্মচারীর নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে নিয়োগবাণিজ্যে জড়িত রয়েছে। এ চক্রে দামুড়হুদা ও জীবননগরের কয়েকজন এসএএও জড়িত।
আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, এসএএও চাকরির উপযুক্ত তাঁর কোনো নাতি-নাতনি নেই। রুবেলের সঙ্গে তাঁর কোনো সম্পর্কও নেই। রুবেলের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বড়গাংনী গ্রামে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিট কমান্ডার আবু হোসেন বলেন, ২০১১ সাল থেকে মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরাও কোটায় আবেদন করার সুযোগ পাচ্ছেন।