ভুয়া পরোয়ানায় কারাগারে
একটি নারী নির্যাতন মামলার ভুয়া গ্রেপ্তারি পরোয়ানায় ১৮ দিন ধরে কারাভোগ করছেন হবিগঞ্জের মো. আবদুল্লাহ আল মামুন। তাঁর পরিবারের অভিযোগ, তাঁদের এক আত্মীয় পুলিশকে দিয়ে তাঁকে গ্রেপ্তার করিয়েছেন। আর প্রকৃত আসামির পরিবর্তে মামুনের নাম দিয়ে ওই ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা জারি করানো হয়েছে।
আবদুল্লাহ আল মামুনের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার ওলিপুর গ্রামে। তিনি বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন অধীনে হবিগঞ্জ শাহজিবাজার রাবার বাগানের একজন কর্মচারী।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রোপলিটন আদালতের (স্মারক নম্বর ৫৪৫/০৫/৫/১৫) একটি মামলার আসামি হিসেবে গত ২৪ জুন মামুনকে ওলিপুর গ্রাম থেকে গ্রেপ্তার করেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আতিকুল আলম খন্দকার। পরে ২৫ জুন মামুনকে হবিগঞ্জ সদর আমলি আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠান।
মামুনের পরিবারের সদস্যরা বলেন, মামুনকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর তাঁরা ঢাকা মেট্রোপলিটন আদালতে ওই স্মারক অনুযায়ী তাঁর মামলার কাগজপত্র তুলে দেখেন, ঢাকার উত্তরা থানার বাসিন্দা ফারজানা জহির ওরফে বুশরা গত ২৬ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে ঢাকা-২-এ একটি মামলা করেন। মামলায় তিনি তাঁর স্বামী মহিবুল হাসানকে একমাত্র আসামি করেন। তাঁতে মামুনের কোনো সম্পৃক্ততাই নেই। পরে মামুনের পক্ষ থেকে তাঁর আইনজীবী মোশারফ হোসেন ১ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন ঢাকা-২ আদালতের বিচারক মোহাম্মদ সফিউল আজমের আদালতে একটি আবেদন করেন। তাঁতে তিনি উল্লেখ করেন, ওই স্মারক ও মামলায় শায়েস্তাগঞ্জ থানার পুলিশ মামুন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বর্তমানে তিনি কারাগারে আছেন। তিনি এ মামলায় অভিযুক্ত নন।
আদালতের বিচারক মোহাম্মদ সফিউল আজম নথি পর্যালোচনা করে গত বুধবার আদেশ দেন যে মামুন এ মামলার কোনো আসামি নন। ওই মামলার পরোয়ানায় তাঁর নামই উল্লেখ নেই। পাশাপাশি তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ এই আদালত থেকে জারি করা হয়নি। অন্য কোনো মামলা না থাকলে অনতিবিলম্বে তাঁকে মুক্তি দেওয়া হোক। এ আদেশের অনুলিপি জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক হবিগঞ্জকে দেওয়া হয়েছে। হবিগঞ্জের কারা তত্ত্বাবধায়ক শামীম ইকবাল আদেশের অনুলিপি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
মামুনের ছোট ভাই হাবিবুর রহমান বলেন, তাঁর ভাই এখনো মুক্তি পাননি। এ ঘটনার জন্য তিনি তাঁর মামা একই এলাকার আবদুল কাদিরকে দায়ী করেন। কাদির তাঁর ভাইকে ধরতে শায়েস্তাগঞ্জ থানায় একাধিকবার তদবির করেন। তাঁর সঙ্গে তাঁদের জমিজমা নিয়ে বিরোধে থাকায় তিনিই এই কাজ করিয়েছেন। তবে কাদির এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি বিষয়টি জানি-ই না ।
শায়েস্তাগঞ্জ থানার এসআই আতিকুল আলম খন্দকার বলেন, তাঁরা যে প্রক্রিয়ায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা পেয়ে থাকেন। সেই প্রক্রিয়ায় মামুনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁরা জানতে পারেন যে বিষয়টি ভুয়া ছিল।