মুক্তিযোদ্ধা না হওয়া সত্ত্বেও মুক্তিযোদ্ধা হিসেবে সাময়িক সনদ নেওয়ায় আরও এক উপসচিবের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এর আগে তিন সচিব ও এক যুগ্ম সচিবকে কারণ দর্শানো হয়েছিল।
গতকাল কারণ দর্শানো উপসচিব শেখ আলাউদ্দিনকে সম্প্রতি ওএসডি করা হয়েছে। এ ছাড়া আরও ১০ জন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে কারণ দর্শানোর চিঠি দেওয়ার বিষয়টি আলোচনার পর্যায়ে রয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শেখ আলাউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে জনপ্রশাসন সচিবের সই করা চিঠিতে বলা হযেছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে গত ২০ জুলাই জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা না হওয়া সত্ত্বেও মুক্তিযোদ্ধা হিসেবে সনদ নেওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ১৯৮৫ অনুযায়ী, অসদাচরণের অভিযোগে কেন আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না—এ চিঠি পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে তার কারণ দর্শানোর অনুরোধ করা হলো। গত ১৩ আগস্ট একইভাবে তিন সচিব ও এক যুগ্ম সচিবকে কারণ দর্শানো হয়। তাঁরা এখনো নোটিশের জবাব দেননি বলে জানা গেছে।
জানতে চাইলে জনপ্রশাসনসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রাপ্ত অভিযোগের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিধি অনুযায়ী কারণ দর্শানো হয়েছে। তাঁদের জবাবের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব মোল্লা ওয়াহেদুজ্জামানের বিষয়ে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে না মন্ত্রিপরিষদ বিভাগ। কারণ, তিনি অবসরে গিয়ে চুক্তিতে চাকরি করছেন। তাঁর ক্ষেত্রে সরকারি বিধিমালা প্রযোজ্য নয়। এ ছাড়া মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তাঁর সনদ বাতিল করেনি, স্থগিত করেছে। মোল্লা ওয়াহেদুজ্জামান বর্তমানে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বেসরকারীকরণ কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে ভুল ব্যাখ্যা ও মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সনদ (প্রত্যয়নপত্র) নেওয়ায় যুগ্ম সচিব, চিকিৎসক, ব্যাংকার, প্রকৌশলীসহ বিভিন্ন কর্মকর্তার সনদ বাতিলের পর তাঁদের বিরুদ্ধে দ্রুত ফৌজদারি মামলা করতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে বিভিন্ন জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছে। এ ছাড়া শতাধিক সরকারি কর্মকর্তার অসদাচরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে মন্ত্রণালয়ের চিঠি পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। প্রায় প্রতিদিনই মন্ত্রণালয়ে এ বিষয়ে নানা অভিযোগ আসছে। এ ছাড়া প্রতিদিন দু-একটি করে সনদ বাতিলও হচ্ছে।
গত ২২ জানুয়ারি ‘চাকরির শেষ সময়ে মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার হিড়িক’ শিরোনামে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে এই পাঁচ সচিবের বিষয়টিও উল্লেখ করা হয়। এরপর এ নিয়ে সমালোচনার মুখে পড়েন প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। এর পর থেকে মন্ত্রণালয় অনুসন্ধান করে এ পর্যন্ত ১৮২ সরকারি কর্মকর্তা-কর্মচারীর সনদ বাতিল করেছে। এঁদের মধ্যে অনেকেই ইতিমধ্যে অবসরে গেছেন।