ভুয়া ম্যাজিস্ট্রেট ও মানবাধিকারকর্মী গ্রেপ্তার

মাগুরায় শালিখায় চার ভুয়া ম্যাজিস্ট্রেট ও মানবাধিকারকর্মীকে আটক করেছে পুলিশ। শালিখার সিংড়া বাজারে গতকাল মঙ্গলবার বিকেলে এক ওষুধের ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলেন তাঁরা। এ সময় তাঁরা আটক হন। গতকাল বুধবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আটক ভুয়া ম্যাজিস্ট্রেট ও মানবাধিকারকর্মীরা হলেন শালিখা উপজেলার বাকলবাড়ীয়া গ্রামের শরৎ চন্দ্র রায়ের মেয়ে কল্পনা রায় (৪০), মাগুরা শহরের পুরোনো বাজার এলাকার প্রিন্স হোসেনের স্ত্রী রিমি ইয়াসমিন (৩৫), মাগুরা পৌরসভার নিজনান্দুলিয়া গ্রামের মো. কুদ্দুস আলীর স্ত্রী মোছা. হাসিনা বেগম (৪০) ও মাগুরা সদর উপজেলার মালন্দ গ্রামের সুকান্ত কুমার বিশ্বাসের ছেলে উত্তম কুমার বিশ্বাস (৩৭)।
পুলিশ ও ওই বাজারের ব্যবসায়ীরা জানান, ওই চারজন গতকাল দুপুরে একটি মাইক্রোবাসে করে শালিখা উপজেলার ধনেশ্বরগাতি ইউনিয়নের সিংড়া বাজারে যান। গাড়িতে তাঁরা পাক্ষিক উত্তরণ মানবাধিকার সংস্থা ও এশিয়া ছিন্নমূল মানবাধিকার ফাউন্ডেশন নামের ব্যানার ও স্টিকার ব্যবহার করেন। তাঁরা ওই বাজারের সরকার ফার্মেসিতে গিয়ে নিজেদের ম্যাজিস্ট্রেট ও মানবাধিকারকর্মী পরিচয় দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নামে ভয়ভীতি দেখিয়ে মোট অঙ্কের টাকা দাবি করেন। এ সময় দোকানমালিক শেখর সরকারের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও টাকা চাওয়া নিয়ে সন্দেহ হয়। তিনি কৌশলে বাইরে গিয়ে বাজারের অন্য ব্যবসায়ীদের ডেকে আনেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে শালিখা উপজেলার ইউএনওর দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) শেখ সামসুল আরেফিন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম পুলিশ নিয়ে সেখানে যান। পুলিশ ও ম্যাজিস্ট্রেট পৌঁছানো পর্যন্ত স্থানীয় ব্যবসায়ীরা তাঁদের আটকে রাখেন। পরে পুলিশ তাঁদের আটক করে। আটকের পর তাঁরা পুলিশের কাছে প্রতারণার বিষয়টি স্বীকার করেন।
জানতে চাইলে ঘটনার সত্যতা স্বীকার করে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁরা প্রতারক। এভাবে প্রতারণা করে বেড়ান। এই প্রতারক চক্রের সঙ্গে শালিখা উপজেলার শরুশুনা গ্রামের হোসেন আলীও আছেন বলে তাঁরা পুলিশকে জানিয়েছেন। আমরা তাঁকে খুঁজছি। আটক চারজনের বিরুদ্ধে প্রতারণা করার অভিযোগে মামলা হয়েছে। আজ বুধবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।