ভুয়া শিক্ষার্থীর নামে তোলা হয় উপবৃত্তি
নড়াইলের লোহাগড়া পৌর এলাকার কৃষ্ণপুর গ্রামের কে এন পি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থীদের নামে উপবৃত্তির টাকা তোলা হচ্ছে। এ ঘটনায় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে দরখাস্ত দিয়েছেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সদস্য গোলাম মোস্তফা।
বিদ্যালয়ের কাগজপত্র ঘেঁটে দেখা গেছে, ১৯৮৫ সালে ১ একর ২১ শতাংশ জমিতে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি ১৯৮৬ সালে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত একাডেমিক স্বীকৃতি পায় এবং ১৯৮৭ সালে বেতন-ভাতার জন্য সরকারি অনুদানভুক্ত (এমপিওভুক্ত) হয়। বিদ্যালয়ে বর্তমানে চারজন শিক্ষক, একজন অফিস সহকারী ও একজন পিয়ন আছেন। তাঁরা সবাই এমপিওভুক্ত। অবসরজনিত পদ শূন্য হওয়ায় প্রধান শিক্ষক, কৃষিশিক্ষা ও হিন্দুধর্ম শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ে একটি একতলা ভবন আছে। এখানে দুটি কক্ষ। একটি কক্ষ কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। অন্যটির মাঝে বেড়া দিয়ে দুটি শ্রেণিকক্ষ করা হয়েছে। এর একটির দরজায় লেখা অষ্টম শ্রেণি, অন্যটিতে লেখা ষষ্ঠ শ্রেণি। একটিতে ছয়টি, আরেকটিতে পাঁচটি বেঞ্চ আছে। সামনের একটি বেঞ্চ বাদে উভয় কক্ষের অন্য বেঞ্চগুলো ধুলা-ময়লায় ভরে আছে। অর্থাৎ অন্য বেঞ্চগুলোতে শিক্ষার্থীরা বসে না। সপ্তম শ্রেণির জন্য কোনো শ্রেণিকক্ষ নেই। একটি দুই কক্ষের একতলা ভবনের নির্মাণকাজ শেষ পর্যায়ে। আরেকটি টিনের ঘরে ভাঙা চেয়ার-টেবিল স্তূপ করে রাখা হয়েছে।
১৬ আগস্ট বেলা সাড়ে ১১টা থেকে একটা পর্যন্ত বিদ্যালয়ে অবস্থান করে কোনো শিক্ষার্থীকে পাওয়া যায়নি। তখন শিক্ষকেরা বলেন, শিক্ষার্থীরা উপবৃত্তির কাজে ব্যাংকে গেছে। অন্য শিক্ষার্থীদের বিষয়ে জিজ্ঞেস করলে শিক্ষকেরা বলেন, তিন-চারজন ছিল। তাদের বাড়ি চলে যেতে বলা হয়েছে। পরদিন বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত অবস্থান করে দেখা যায়, অষ্টম শ্রেণিতে দেবাশীষ সমাজদার ও হাসিব মোল্লা নামে দুই শিক্ষার্থী ক্লাস করছে। তারা বলে, আরও একজন বিদ্যালয়ে আসে। ষষ্ঠ শ্রেণিতে আরজিনা, জুঁই, পূর্ণিমা ও রিতু নামে চারজন শিক্ষার্থী ক্লাস করছে। আরও দুজন বিদ্যালয়ে আসে বলে তারা জানায়। সপ্তম শ্রেণির কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে আসেনি।
শিক্ষকেরা স্বীকার করেন, বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে আটজন, সপ্তম শ্রেণিতে সাত ও অষ্টম শ্রেণিতে নয়জনসহ মোট ২৪-২৫ জন শিক্ষার্থী আছে। কিন্তু ৯৯ জন শিক্ষার্থীকে ভর্তি দেখানো হয়েছে। এটি গরিব এলাকা। পঞ্চম শ্রেণির পর অনেকেই পড়াশোনা ছেড়ে দিয়েছে। তাদের ভর্তি দেখিয়ে ৯৯ জন বানানো হয়েছে।
বিদ্যালয়ের মাসিক প্রতিবেদন থেকে জানা গেছে, ২০১৪ সালে চারজন শিক্ষার্থী জেএসসি পরীক্ষা দেয়। পাস করে একজন। ২০১৩ সালে জেএসসিতে ১০ জন পরীক্ষা দিয়ে পাস করে ছয়জন। ২০১২ সালে ১৪ জনের মধ্যে নয়জন পাস করে।
উপবৃত্তির তালিকা অনুযায়ী, ২০১৫ সালে তিনটি শ্রেণিতে মোট ৩১ জনকে এবং ২০১৪ সালে ৩৪ জনকে উপবৃত্তি দেওয়া হয়েছে। এ হিসাবে মোট শিক্ষার্থীর চেয়ে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেশি। অথচ বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর ৪০ শতাংশের উপবৃত্তি পাওয়ার কথা।
জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুর রাজ্জাক বলেন, ‘বেতন, ভর্তি বা ফরম পূরণ বাবদ টাকা নিলে শিক্ষার্থী একদমই পাওয়া যাবে না। তাই এভাবে বেশিসংখ্যক শিক্ষার্থীর নামে উপবৃত্তি তুলে বিদ্যালয় পরিচালনার ব্যয় মেটানো হয়। এ ছাড়া শিক্ষকদের পকেট থেকেও ব্যয় করে স্কুল চালাতে হয়।’
এ বিষয়ে লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুর রহমান বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর উপবৃত্তি দেওয়া বন্ধ রাখা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।