নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ও নগর ইউনিয়নে ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির ১০টি প্রকল্পে ভুয়া শ্রমিক দেখিয়ে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
উপজেলা প্রকল্প কার্যালয় সূত্রে জানা গেছে, মাঝগাঁও ইউনিয়নে এবার পাঁচটি প্রকল্পে ২৬০ জন এবং নগর ইউনিয়নে পাঁচটি প্রকল্পে ৩১১ জনকে শ্রমিক হিসেবে তালিকাভুক্ত করা হয়। সপ্তাহে পাঁচ দিন এই শ্রমিকদের প্রতিদিন ২০০ টাকা মজুরিতে কাজ করার কথা।
কিন্তু প্রতিটি প্রকল্পেই নির্দিষ্ট সংখ্যার চেয়ে কম শ্রমিক কাজ করছেন। প্রকল্পের কাগজপত্রে যতজন শ্রমিক আছেন, সরেজমিন তাঁর চেয়ে অনেক কম শ্রমিক দেখা গেছে। মাঝগাঁও ইউনিয়নের প্রকল্পগুলোতে ১৬২ জন ও নগর ইউনিয়নের প্রকল্পগুলোতে ২২১ জন শ্রমিক কাজ করছেন।
গত মঙ্গলবার মাঝগাঁও ইউনিয়নে গিয়ে দেখা যায়, তিরাইল কমিউনিটি ক্লিনিক থেকে নটাবাড়িয়া কুকলতোলা পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্পে ৫৬ জনের মধ্যে ৪৬ জন, লাথুরিয়া সোবহানের বাড়ি থেকে গুরুমশৈল পশ্চিমপাড়া পর্যন্ত প্রকল্পে ৩২ জনের মধ্যে ২৩ জন, মাঝগাঁও হাদিসের মোড় থেকে লালুর মোড় পর্যন্ত প্রকল্পে ৬০ জনের মধ্যে ৫০ জন এবং মানিকপুর পশ্চিমপাড়া সাত্তারের বাড়ি থেকে মুন্সিপাড়া কবরস্থান পর্যন্ত মাটি ভরাট প্রকল্পে ৫১ জনের মধ্যে ৪৩ জন শ্রমিক কাজ করছেন।
গত ২৮ জানুয়ারি নগর ইউনিয়নে গিয়ে দেখা যায়, পাঁচবাড়িয়া মাহতাব হাজির জমি থেকে আলেক প্রামাণিকের জমি পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্পে তালিকাভুক্ত ৪৫ জন শ্রমিকের মধ্যে ৩৫ জন, মেরিগাছা ইয়ারখানের দোকান থেকে সাত্তারের বাড়ি পর্যন্ত রাস্তায় মাটি ভরাট প্রকল্পে ১১২ জনের মধ্যে ৭৮ জন, একই গ্রামের আলতাবের বাড়ি থেকে মুলেনের বাড়ি পর্যন্ত মাটি ভরাট প্রকল্পে ৬৬ জনের মধ্যে ৪৫ জন, কুণ্ডুপাড়া কারোলিনা গমেজের বাড়ি থেকে জালোড়া পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্পে ৩৪ জনের মধ্যে ২৫ জন এবং জামাইদিঘা আজগরের বাড়ি থেকে দ্বারিখৈল জহিরের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্পে ৫৪ জনের মধ্যে ৩৮ জন শ্রমিক কাজ করছেন। পরে উপজেলা প্রকল্প কার্যালয়ের কাগজপত্র ঘাঁটাঘাঁটি করে দেখা যায়, অনুপস্থিত শ্রমিকদের নামেও মজুরির টাকা ওঠানো হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে প্রকল্পের এক সভাপতি বলেন, ‘দলীয় চাপে কিছু লোককে কাজ না করলেও তালিকাভুক্ত করতে হয়েছে।’
মেরিগাছা গ্রামের প্রকল্প কর্মকর্তা নারী ইউপি সদস্য নাসরিন পারভীন বলেন, ‘শ্রমিক সরদার তাঁর ইচ্ছামতো শ্রমিক দিয়ে কাজ করাচ্ছেন। এ ব্যাপারে আমি দায়ী নই।’ তবে কাজ না করা শ্রমিকদের বিল তুলে দিচ্ছেন কেন, জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।
মাঝগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খোকন মোল্লা বলেন, ‘মেম্বরদের যথাযথভাবে কাজ করার নির্দেশ দিয়েছি। তার পরও প্রকল্পে শ্রমিক কম থাকলে বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখব।’ নগর ইউনিয়নের চেয়ারম্যান শামসুজ্জোহার সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগ করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
উপজেলা প্রকল্প কর্মকর্তা গোলাম রব্বানী জানান, বিষয়টি তিনি অনুসন্ধান করে দেখবেন।