ভুয়া সনদে চাকরি অধ্যক্ষের সনদ বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নুনদহ ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজার রহমানের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে বিএসএসের (সম্মান) সনদ বাতিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। গত শনিবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ৩০ জুন প্রথম আলোয় ‘ভুয়া সনদে ভারপ্রাপ্ত অধ্যক্ষের চাকরি’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এরপর মোস্তাফিজার রহমানের রাষ্ট্রবিজ্ঞানের সনদ বাতিল চেয়ে ১৫ জুলাই নুনদহ ফাজিল মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য আবুল কাসেম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এম এন্তাজুল হক জানান, মোস্তাফিজার রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ থেকে ১৯৯১ সালে নিয়মিত ছাত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে বিএসএস (সম্মান) পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হন। একই শিক্ষাবর্ষে তিনি নুনদহ মাদ্রাসা থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ফাজিল পরীক্ষায় অংশ নিয়ে পাস করেন। একই শিক্ষাবর্ষে দুটি আলাদা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নিয়মিত ছাত্র হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ বিধিসম্মত নয়। দুটি প্রতিষ্ঠান থেকে একই সময়ে আলাদা দুটি পরীক্ষায় অংশ নিয়ে সনদ নেওয়ার অভিযোগ পেয়ে ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের সভায় তাঁর স্নাতক পরীক্ষার ফলাফল বাতিলের জন্য সিন্ডিকেটে সুপারিশ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে শনিবার সিন্ডিকেটের সভায় মোস্তাফিজার রহমানের সম্মান স্নাতকের সনদ বাতিল করা হয়।

এর আগে ২০১২ সালে নুনদহ ফাজিল মাদ্রাসার পরিচালনা কমিটির কয়েকজন সদস্য প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজার রহমানের বিরুদ্ধে সনদ জালিয়াতির কথা উল্লেখ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অভিযোগ করেন। পরে উপাচার্য দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, মোস্তাফিজার রহমান ১৯৯১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে সম্মান ডিগ্রি এবং একই শিক্ষাবর্ষে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। একই শিক্ষাবর্ষে নিয়মিত ছাত্র হিসেবে আলাদা দুটি প্রতিষ্ঠান থেকে সনদ অর্জন বিধিসম্মত নয়।’

প্রতিবেদনে বলা হয়, ১৯৯৭ সালের ১৫ মার্চ মোস্তাফিজার রহমান নুনদহ মাদ্রাসায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক পদে যোগ দেন। ১৫ বছর চাকরি করার পর ২০১২ সালে তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হন।