ভুয়া সনদে চাকরি, দুজনের বেতন-ভাতা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া সনদ দেওয়ায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দুই সহকারী শিক্ষকের বেতন-ভাতা স্থগিত করা হয়েছে। এ ছাড়া এ-সংক্রান্ত নোটিশ পাওয়ার পর সাত কর্মদিবসের মধ্যে উত্তোলিত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। 
ওই শিক্ষকেরা হলেন উপজেলার লোকমান হোসেন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার) আতাউর রহমান ও দই খাওয়া বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার) রৌশনারা খাতুন।
জেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, প্রতি ১০ বছর পর একবার শিক্ষাপ্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রম এবং শিক্ষক ও কর্মচারীদের নিয়োগ, যোগদান, এমপিও ভুক্তিসহ সব বিষয়ের কাগজপত্র ও অবকাঠামো সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দেওয়ার নিয়ম আছে। ওই বিধান অনুযায়ী ২০১৩ সালের মার্চে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর ঢাকার কর্মকর্তারা সরেজমিনে যাচাই করেন। তাঁরা ওই দুই শিক্ষকের কম্পিউটার সনদে ত্রুটি পান। ওই দুজন তাঁদের সনদ জাতীয় কম্পিউটার গবেষণা একাডেমি (নেকটার) বগুড়া থেকে তুলেছিলেন বলে জানান। কিন্তু পরে সেখানে যোগাযোগ করা হলে নেকটার ওই সনদপত্র সরবরাহ করেনি বলে জানিয়ে দেয়।
গত ২৬ নভেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এ এস এম আবদুল খালেক স্বাক্ষরিত পত্রে বলা হয়, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর ঢাকার তদন্তে দুই সহকারী শিক্ষকের সনদ ভুয়া (কম্পিউটার) প্রমাণিত হয়েছে। তাই দুই শিক্ষককের বেতন-ভাতার সরকারি অংশ (এমপিও) স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই কর্মকর্তার স্বাক্ষরিত অন্য একটি আদেশে উত্তোলিত সরকারি অর্থ নোটিশ পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিতে বলা হয়।
এরপর চালানের কপি ওই অধিদপ্তরে দাখিল করতে বলা হয়েছে। একই কর্মকর্তা স্বাক্ষরিত আরেকটি আদেশে এমপিও স্থগিত করতে বলা হয়।
জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বেতন-ভাতা স্থগিতকরণসহ টাকা ফেরত দেওয়ার নির্দেশনাসংবলিত কাগজের দুটি সেট গত রোববার বিকেলে তাদের কার্যালয়ে এসেছে। সোমবার সকালে সংশ্লিষ্ট দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের হাতে এ-সংক্রান্ত আদেশের অনুলিপি দেওয়া হয়।
এ ব্যাপারে দই খাওয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী এবং সিন্দুর্না লোকমান হোসেন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান বলেন, আদেশের অনুলিপি ওই শিক্ষকদের গত মঙ্গলবার সকালে দেওয়া হয়েছে।
আতাউর রহমান ও রৌশনারা খাতুন অধিদপ্তরের চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন। কিন্তু এ ব্যাপারে তাঁরা আর কিছু বলতে রাজি হননি।
জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন বলেন, ওই দুই শিক্ষকের একজন ২০০৪ ও অন্যজন ২০০৭ সাল থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত সরকারি বেতন-ভাতা পেয়েছেন। সাত কর্মদিবসের মধ্যে উত্তোলিত অর্থ জমা না দিলে বিধিমোতাবেক অর্থ আদায়ে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।