ভুয়া সনদে বাড়ানো হচ্ছে বয়স কমছে না বাল্যবিবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি-বেসরকারি তৎপরতা থাকলেও বরগুনা জেলায় বাল্যবিবাহ কমানো যাচ্ছে না। 
অভিভাবকদের অসচেতনতা ও নিরাপত্তাহীনতার কারণে এসব বিয়ে হচ্ছে বলে এ বিষয়ে কাজ করা বেসরকারি সংস্থাগুলো জানিয়েছে। তাদের অভিযোগ, ভুয়া জন্মসনদ দিয়ে এসব বিয়ে নিবন্ধনে সহায়তা করছেন জনপ্রতিনিধিরা।
বেসরকারি উন্নয়ন সংস্থা প্ল্যান বাংলাদেশের ২০১৩ সালের তথ্য অনুযায়ী, দেশে মোট বিয়ের ৬৬ শতাংশ বাল্যবিবাহ হলেও বরগুনায় এটি ৮৬ শতাংশ। তবে ২০১৫ সালে বরগুনা সদরে বাল্যবিবাহ অনেকাংশে হ্রাস পেয়েছে এবং বর্তমানে তা ৫৯ শতাংশে এসে দাঁড়িয়েছে বলে সংস্থাটি দাবি করে। অভিভাবকদের অসচেতনতা ও নিরাপত্তাহীনতা এবং ভালো পাত্র হাতছাড়া না করতে চাওয়ায় এই বিয়ে দেওয়া হচ্ছে।
সদর উপজেলায় প্ল্যান বাংলাদেশের সহযোগী বেসরকারি সংস্থা এনএসএস-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের গত তিন মাসে (জানুয়ারি থেকে মার্চ) তারা ২০টি বাল্যবিবাহ প্রতিরোধ করে। এ ছাড়া ২০১৪ সালে ৫৫টি এবং ২০১৩ সালে ২৩টি বাল্যবিবাহ বন্ধ করার দাবি করে সংস্থাটি।
এনএসএসের মানবাধিকার সংরক্ষণ প্রকল্পের (পিএইচআর) প্রকল্প কর্মকর্তা গৌরী মজুমদার বলেন, ‘আমরা সাধারণত কোনো বাল্যবিবাহের খবর পাওয়ার পর তা প্রতিরোধ করি এবং এক মাস তা পর্যবেক্ষণ করার পর সিদ্ধান্ত নিই, বিয়েটি বন্ধ হয়েছে। কিন্তু এরপর আর কোনো পর্যবেক্ষণ করা হয় না।’ তিনি অভিযোগ করেন, বাল্যবিবাহ নিরোধের ক্ষেত্রে জনপ্রতিনিধিদের সহযোগিতা খুবই কম। কারণ, অনেক ক্ষেত্রে জনপ্রতিনিধিরা তাঁদের ভোট রক্ষার জন্য মেয়েদের বয়স বাড়িয়ে জন্মসনদ দিচ্ছেন, যা বিয়ে বন্ধ করার ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি করছে।
অনুসন্ধানে জানা যায়, জেলার তালতলী উপজেলার সাতটি ইউনিয়নে গত জানুয়ারি মাসে ১৮টি বাল্যবিবাহের ঘটনা ঘটে। এর মধ্যে সোনাকাটা ইউনিয়নে একটি, নিশানবাড়িয়া ইউনিয়নে তিন, বড়বগি ইউনিয়নে দুই, ছোটবগি ইউনিয়নে চার, কড়ইবাড়িয়া ইউনিয়নে চার, পচাকোড়ালিয়া ও শারিকখালী ইউনিয়নে দুটি করে বাল্যবিবাহ হয়। বিয়ে হওয়া এসব মেয়ে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি সনদ অনুযায়ী এদের বয়স ১১ থেকে ১৪ বছর হলেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) কর্তৃক প্রদত্ত জন্মসনদে তাদের বয়স দেখানো হয়েছে ১৮ থেকে ২০ বছর।
এ বিষয়ে তালতলী ইউপির চেয়ারম্যান মো. তৌফিকুজ্জামান বলেন, অভিভাবকেরা অনেক সময়ই আসেন জন্মসনদ নিতে। মেয়েটি আসলেই কত বড়, সেটি জানার সুযোগ তখন থাকে না। এবার থেকে সনদ দেওয়ার আগে খোঁজখবর নেওয়া হবে বলে জানান তিনি।
তালতলী উপজেলা কাজি সমিতির সভাপতি ও বড়বগী ইউনিয়নের কাজি সাইদুর রহমান বলেন, ইউপি চেয়ারম্যানদের স্বাক্ষর করা জন্মসনদ নিয়ে এলে বিয়ে পড়ানো ছাড়া আর কোনো উপায় থাকে না।
বয়স বাড়িয়ে ভুয়া জন্মনিবন্ধন তৈরির পাশাপাশি গ্রামের মসজিদের ইমাম বা মৌলভিদের দিয়ে বিয়ে দেওয়ার ঘটনাও অহরহ ঘটছে। গত বছর সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের হাজারবিঘা মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রীর বিয়ে হয় পাশের গ্রামের এক ছেলের সঙ্গে।
এনএসএসের পরিচালক শাহাবুদ্দিন বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ আইনের আওতায় কোনো মামলা করতে হলে এর বাদী হতে হয় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান বা মেয়রকে। এ ক্ষেত্রে তাঁরা ভোটের কথা বিবেচনা করে এসব বিষয়ে মামলায় যেতে চান না।
এ বিষয়ে জানতে চাইলে বরগুনার জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম বলেন, ‘বাল্যবিবাহ প্রতিরোধের ক্ষেত্রে আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। এ ছাড়া ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের আমরা প্রতিটি সভায় বাল্যবিবাহ নিরোধে সক্রিয় থাকার ব্যাপারে নির্দেশনা দিই। বিভিন্ন বেসরকারি সংস্থা এখানে গ্রাম পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে। প্রশাসন তাদের এসব ব্যাপারে অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা দিচ্ছে।’