ভুল অস্ত্রোপচারে আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের চকবরুল গ্রামে এক পল্লি চিকিৎসকের ভুল চিকিৎসার জেরে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালের শয্যায় কাতরাচ্ছেন এক নারী। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সিভিল সার্জন নির্মলেন্দু চৌধুরী বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন।
নুরজাহানের বাবা আবদুল খালেক বলেন, তাঁর মেয়ে কিছুদিন ধরে গলায় টনসিলে ভুগছিলেন। সম্প্রতি তিনি শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি চকবরুল গ্রামে যান। সেখানে সদরের সিংড়া মধ্যপাড়া গ্রামের পল্লি চিকিৎসক সিরাজুল ইসলামের শরণাপন্ন হন। সিরাজুল গত সোমবার দুপুরে নুরজাহানদের বাড়ি যান। বাড়ির আঙিনায় নুরজাহানকে দুই পাশ থেকে দুজন ধরে থাকেন। ওই চিকিৎসক নুরজাহানের জিহ্বা টেনে ধরে মুখের ভেতর কাঁচি ঢুকিয়ে দিয়ে টনসিলের জায়গার কিছুটা মাংস কেটে নেন।
নুরজাহানের চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাঁর মুখ দিয়ে রক্ত বের হতে দেখেন। পরে নুরজাহানের অবস্থা আরও খারাপ হয়। ঘটনাটি জানতে পেরে পুলিশ সুপার আশরাফুল ইসলামের নির্দেশে গত বুধবার বিকেলে নুরজাহানকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। নুরজাহানের মা বেলী বেগম বললেন, ‘রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিলাম নুরজাহানকে। কিন্তু চিকিৎসক সিরাজুল নিয়ে যেতে দেননি। বলেছিলেন, বাড়িতেই ভালো হয়ে যাবে।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘অভিযোগ পেয়েছি। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন।’