ভুল অস্ত্রোপচারে প্রসূতির মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুল অস্ত্রোপচারে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার খালেদা বেগম (২০) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। খালেদা উপজেলার ফুলবাড়ি গ্রামের ইউনুস আলীর স্ত্রী।
এ ঘটনায় উপজেলা সদরে অবস্থিত গোবিন্দগঞ্জ কমিউনিটি ক্লিনিক অ্যান্ড হাসপাতালের পরিচালক এবং চিকিৎসকসহ তিনজনের বিরুদ্ধে গত মঙ্গলবার রাতে গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, ১৬ সেপ্টেম্বর অন্তঃসত্ত্বা খালেদাকে গোবিন্দগঞ্জ কমিউনিটি ক্লিনিক অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই অস্ত্রোপচারের মাধ্যমে খালেদা একটি ছেলেসন্তান জন্ম দেন। অস্ত্রোপচার করেন ক্লিনিকের চিকিৎসক মতিউল ইসলাম। অস্ত্রোপচারের পর খালেদার পেট ফুলে যায়। পরে ওই চিকিৎসক ২০ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করে খালেদার প্রসাব-পায়খানার নালি কেটে ফেলেন। অবস্থা বেগতিক দেখে ওই দিনই খালেদাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত মঙ্গলবার ১০টার দিকে খালেদা মারা যান।
ওই রাতেই খালেদার ফুপা আনারুল ইসলাম বাদী হয়ে ক্লিনিকের পরিচালক পল্লী চিকিৎসক দেলওয়ার হোসেন এবং চিকিৎসক মতিউল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা করেন। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে চিকিৎসক মতিউল ইসলাম বলেন, ‘অস্ত্রোপচারের পর ওই রোগীর খাদ্যনালি প্যাঁচ লাগায় দ্বিতীয়বার অস্ত্রোপচার করা হয়। এ সময় রোগীকে চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে হবে বলে পরামর্শ দেওয়া হয়। কিন্তু রোগীর স্বজনেরা তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কী জন্য মারা গেল তা আমি বলতে পারি না।’
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, চিকিৎসক মতিউল ইসলাম রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালট্যান্ট (অর্থোপেডিক) পদে কর্মরত রয়েছেন। গতকাল সকালে খালেদার লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার আসামি ক্লিনিকের পরিচালকসহ অন্য আসামিরা পলাতক রয়েছেন।