ভুল অস্ত্রোপচারের অভিযোগ আদালতে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুল চিকিৎসা করে এক নারীর স্তন কেটে ফেলার অভিযোগে দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে শেরপুরের শ্রীবরদী থানায়। ক্ষতিগ্রস্ত নারীর স্বামী গত ২৮ ডিসেম্বর শেরপুর জেলা আমলি আদালতে একটি অভিযোগ দেন।
জ্যেষ্ঠ বিচারিক হাকিম আ ন ম ইলিয়াসের নির্দেশে শ্রীবরদী থানার পুলিশ ৩ জানুয়ারি এটিকে মামলা হিসেবে গ্রহণ করে। বর্তমানে মামলাটি পুলিশ তদন্ত করছে।
ভুক্তভোগী ওই নারী (৩০) শ্রীবরদীর ভূতনিকান্দা কাকিলাকুড়া গ্রামের বাসিন্দা। তিনি একটি বেসরকারি সংস্থার সেবিকা ছিলেন। মামলার এজাহারে বলা হয়েছে, ক্যানসার হয়েছে বলে অস্ত্রোপচারের মাধ্যমে স্তন কেটে ফেলা হলেও পরে বায়োপসি প্রতিবেদনে দেখা গেছে, তা ক্যানসার ছিল না। ছিল সাধারণ ফোঁড়াজনিত চাকা।
মামলার দুই আসামির একজন হলেন অস্ত্রোপচারকারী চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের পরামর্শক সার্জন মো. শরীফুল ইসলাম। আরেকজন ময়মনসিংহের কমিউনিটি বেইজড মেডিকেল কলেজ হাসপাতালের (সিবিএমসিএইচ) প্যাথলজি বিভাগের অধ্যাপক ও কুণ্ডু প্যাথলজির মালিক কে কে কুণ্ডু। এর মধ্যে শরীফুল ইসলাম শ্রীবরদী সদরের হাসপাতাল এলাকায় অবস্থিত শা’ন ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখেন।
মামলার এজাহারে বলা হয়, বাঁ দিকের স্তনে ব্যথা অনুভূত হলে গত বছরের ৬ নভেম্বর ওই নারী চিকিৎসার জন্য শা’ন ডায়াগনস্টিক সেন্টারে শরীফুল ইসলামের কাছে যান। শরীফুল তাঁর স্তনে ‘চাকা’ বা ‘ম্যাস’ আছে বলে উল্লেখ করে পরীক্ষা-নিরীক্ষা করার পরামর্শ দেন। পরামর্শ অনুযায়ী ওই নারী ৮ নভেম্বর ময়মনসিংহের কুণ্ডু প্যাথলজিতে গিয়ে ওই স্তনের ‘ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোপ্যাথলজি’ (এফএনএসি) ও রক্তের কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করান। ৮ নভেম্বর এসব পরীক্ষার প্রতিবেদন দেন অধ্যাপক কে কে কুণ্ডু।
কুণ্ডুর দেওয়া প্রতিবেদনের ওপর ভিত্তি করে শরীফুল ওই নারীর বাঁ স্তনে ক্যানসার ধরা পড়েছে এবং এ জন্য অস্ত্রোপচার করতে হবে বলে তাঁর স্বামী সোলায়মানকে জানান। ১০ নভেম্বর শরীফুল রোগীকে ঢাকার উত্তরার আইচি হাসপাতালে এবং পরে হাতিরপুল এলাকার মডিউল জেনারেল হাসপাতালে ভর্তি করান। ১৫ নভেম্বর সন্ধ্যায় শরীফুল অস্ত্রোপচার করে ওই নারীর বাঁ স্তনটি অপসারণ করেন।
এজাহারে বলা হয়, ২০ নভেম্বর ঢাকার ধানমন্ডির আনোয়ারা মেডিকেল সার্ভিসেস এবং ২৪ নভেম্বর ঢাকা মেডিকেলের প্যাথলজি বিভাগে কেটে ফেলা স্তনের বায়োপসি (হিস্টোপ্যাথলজি) পরীক্ষা করা হয়। উভয় জায়গা থেকে দেওয়া প্রতিবেদনে বলা হয়, ক্যানসারের অস্তিত্ব পাওয়া যায়নি। দুই প্রতিবেদনেই বলা হয়, ‘ক্রনিক ব্রেস্ট অ্যাবসেস উইথ ফরেন বডি গ্র্যানুলোমা’। যার বাংলা অর্থ, ‘স্তনে দীর্ঘদিনের পুরোনো ফোঁড়া, যা চাকায় রূপান্তরিত হয়েছে’।
সোলায়মানের স্ত্রী গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘বুকের বাঁ পাশটা খুবই ব্যথা করে। আর কোনো রোগী যাতে হয়রানি ও প্রতারণার শিকার না হন, সে জন্যই আইনের আশ্রয় নিয়েছি।’
ভুল চিকিৎসার অভিযোগ অস্বীকার করে শরীফুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, অধ্যাপক কে কে কুণ্ডুর দেওয়া এফএনএসি রিপোর্ট ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার ওপর ভিত্তি করেই তিনি স্তনের অস্ত্রোপচার করেছেন। রোগী ও তাঁর স্বামীর সম্মতিক্রমেই অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসাশাস্ত্র অনুযায়ী সঠিক পদ্ধতিতেই অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসা ভুল হয়নি। শরীফুল দাবি করেন, এ জন্য প্রয়োজনীয় কাগজপত্রও তাঁর কাছে আছে।
অন্যদিকে, কে কে কুণ্ডু বলেন, স্তন ক্যানসারের প্রাথমিক পরীক্ষা হচ্ছে এফএনএসি পরীক্ষা। তিনি এ পরীক্ষায় স্তনে ক্যানসার থাকার বিষয়ে শুধু সন্দেহ প্রকাশ করেছেন। কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি। তিনি বলেন, শুধু এফএনএসি পরীক্ষার প্রতিবেদনের ওপর ভিত্তি করে অস্ত্রোপচার করে স্তন কেটে ফেলার সিদ্ধান্তটি সঠিক হয়নি।
জানতে চাইলে শেরপুরের পুলিশ সুপার (এসপি) মো. মেহেদুল করিম বলেন, ‘পুলিশ মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে। ইতিমধ্যে আমি ওই নারী, তাঁর স্বামী ও ডা. শরীফুলের সঙ্গে কথা বলেছি। তাঁদের বক্তব্যগুলো পুলিশ তদন্ত করে দেখছে।’