ভুল অস্ত্রোপচারের অভিযোগে ক্লিনিকে তালা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভুল অস্ত্রোপচার করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ‘নয়াপুর জেনারেল হাসপাতাল’ নামের একটি ক্লিনিকে তালা লাগিয়ে দিয়েছে এলাকাবাসী। গতকাল সোমবার এলাকাবাসী বিক্ষোভ করে ওই ক্লিনিকে তালা ঝুলিয়ে দেয়।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজারে অবস্থিত ওই ক্লিনিকে একই ইউনিয়নের কাঁঠালিয়াপাড়া গ্রামের শামসুল হকের স্ত্রী ফাতেমা বেগমের অস্ত্রোপচারের মাধ্যমে একটি সন্তান জন্ম দেন। গত ৯ জানুয়ারি ক্লিনিকের চিকিৎসক মোস্তাফিজুর রহমান অস্ত্রোপচারটি করেন। এর সপ্তাহ খানেক পরই ওই নারীর অস্ত্রোপচারের স্থানে ক্ষত দেখা দেয়। এতে ওই নারী গুরুতর অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়। বর্তমানে তিনি ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন।
ভুক্তভোগী নারীর স্বামী শামসুল হক অভিযোগ করেন, ‘ক্লিনিকের অনভিজ্ঞ চিকিৎসক সন্তান প্রসব করাতে গিয়ে আমার স্ত্রীর ভুল চিকিৎসা করেন। এতে আমার স্ত্রী মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন। অথচ প্রসূতির চিকিৎসার জন্য ওই ক্লিনিককে মোটা অঙ্কের টাকা দিতে হয়েছে আমাকে।’
এদিকে ভুল অস্ত্রোপচারের অভিযোগ পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী। তারা গতকাল দুপুরে ক্লিনিকের মালিক ও চিকিৎসকের শাস্তির দাবিতে নয়াপুর বাজারে বিক্ষোভ মিছিল করে। একপর্যায়ে তারা ক্লিনিকটিতে তালা লাগিয়ে দেয়। পরে স্থানীয় আওয়ামী লীগ নেতারা যথাযথ বিচারের আশ্বাস দিলে এলাকাবাসী তালা খুলে দেয়।
ক্লিনিক মালিক তাওলাদ মুন্সি বলেন, ‘ওই নারী আমার ক্লিনিক থেকে চিকিৎসা নিয়েছেন, এটা সত্যি।’ তবে তাঁকে ভুল চিকিৎসা দেওয়া বা বেশি টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি।