ভুল অস্ত্রোপচারের অভিযোগে চিকিৎসক কারাগারে
ভুল চিকিৎসা করে এক নারীর স্তন কেটে ফেলার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার চিকিৎসক মো. শরীফুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় তাঁকে শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আ ন ম ইলিয়াসের আদালতে হাজির করা হয়। এ সময় তাঁর পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত তা শুনানির জন্য ২২ মে তারিখ ধার্য করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আজ শুক্রবার দুপুরে জেলা শহরের নারায়ণপুর এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে তাঁকে গ্রেপ্তার করে।
ভুক্তভোগী ওই নারী (৩০) শ্রীবরদীর ভূতনিকান্দা কাকিলাকুড়া গ্রামের বাসিন্দা। তিনি একটি বেসরকারি সংস্থার সেবিকা ছিলেন। গত ২৮ ডিসেম্বর এই নারীর স্বামী শেরপুর জেলা আমলি আদালতে দুই চিকিৎসকের বিরুদ্ধে একটি অভিযোগ দেন। পরে আদালতের নির্দেশে শ্রীবরদী থানার পুলিশ ৩ জানুয়ারি এটিকে মামলা হিসেবে গ্রহণ করে। মামলার অপর আসামি ময়মনসিংহের কমিউনিটি বেইজড মেডিকেল কলেজ হাসপাতালের (সিবিএমসিএইচ) প্যাথলজি বিভাগের অধ্যাপক ও কুণ্ডু প্যাথলজির মালিক কে কে কুণ্ডু।
মামলার এজাহারে বলা হয়েছে, ক্যানসার হয়েছে বলে অস্ত্রোপচারের মাধ্যমে স্তন কেটে ফেলা হলেও পরে বায়োপসি প্রতিবেদনে দেখা গেছে, তা ক্যানসার ছিল না। ছিল সাধারণ ফোড়াজনিত চাকা।
গ্রেপ্তার চিকিৎসক শরীফুল ইসলামের বাড়ি শ্রীবরদী উপজেলার খড়িয়াকাজিরচর ইউনিয়নের লঙ্গরপাড়া গ্রামে। প্রতি শুক্রবার তিনি শ্রীবরদী উপজেলা সদরের হাসপাতাল গেট এলাকায় অবস্থিত শা’ন ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখেন।
ভুল চিকিৎসার শিকার ওই নারী প্রথম আলোকে বলেন, শরীফুল ইসলাম ফোড়াকে ক্যানসার চিহ্নিত করে তাঁকে ঢাকায় নিয়ে যে ভুল চিকিৎসা করেছেন তার জন্য শারীরিক ও মানসিকভাবে তিনি চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি (শরীফুল) ক্যানসারের বিষয়টি নিশ্চিত না হয়ে তাঁর (নারী) একটি অঙ্গ কেটে ফেলেছেন। এর ফলে তাঁর জীবন কষ্টকর হয়ে পড়েছে। তিনি এখনো শারীরিকভাবে সুস্থ নন। তাঁর বুকের কেটে ফেলা অংশে মাঝেমধ্যেই ব্যথা করে। তাঁর মতো আর কোনো মা-বোন যেন শরীফুলের ভুল চিকিৎসা ও প্রতারণার শিকার না হন, সে জন্য তিনি আইনের আশ্রয় নিয়েছেন। আদালতের কাছে তিনি শরীফুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
তবে অভিযোগ অস্বীকার করে শরীফুল ইসলাম প্রথম আলোকে বলেন, চিকিৎসাশাস্ত্র অনুযায়ী তিনি সঠিক পদ্ধতিতেই অস্ত্রোপচার করেছেন এবং এ জন্য প্রয়োজনীয় আইনি কাগজপত্রও তাঁর কাছে আছে বলে তিনি দাবি করেন।
অপর দিকে মামলার তদন্ত কর্মকর্তা শ্রীবরদী থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন আজ শুক্রবার বিকেলে প্রথম আলোকে বলেন, পুলিশ মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে। আদালতের নির্দেশ অনুযায়ী মহাখালী ক্যানসার ইনস্টিটিউটে ওই নারীর আরও একটি প্যাথলজিক্যাল পরীক্ষা করা হবে। অতঃপর আদালতে এ বিষয়ে প্রতিবেদন দেওয়া হবে।
আরও পড়ুন: