ভুল অস্ত্রোপচারে ভুগছেন প্রসূতি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি বেসরকারি হাসপাতালের এক চিকিৎসক প্রসূতির ভুল অস্ত্রোপচার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভুল অস্ত্রোপচারের কারণে ওই প্রসূতি এখন ভোগান্তি পোহাচ্ছেন।
ভুল চিকিৎসার শিকার হওয়া ওই প্রসূতির নাম জ্যোৎস্না বেগম (২৩)। তিনি উপজেলার গোপীনাথপুর গ্রামের নতুন বাজার এলাকার জগিরবাড়ির আলমগীর মিয়ার স্ত্রী। অস্ত্রোপচারের স্থানে সংক্রমণ (ইনফেকশন) দেখা দেওয়ায় তাঁকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জ্যোৎস্নার পরিবারের লোকজন অভিযোগ করেন, ১১ নভেম্বর গোপীনাথপুর গ্রিন হেলথ হাসপাতালে অস্ত্রোপচারের (সিজার) মাধ্যমে জ্যোৎস্নার ছেলেসন্তানের জন্ম হয়। অস্ত্রোপচার করেন ওই হাসপাতালের চিকিৎসক লাবনী লতা। ১৩ নভেম্বর তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
জ্যোৎস্নার স্বামী রিকশাচালক আলমগীর মিয়া অভিযোগ করেন, বাড়ি ফেরার পর জ্যোৎস্নার অস্ত্রোপচার করা জায়গা দিয়ে পানি পড়তে থাকে। ১৭ নভেম্বর আবার তাঁকে ওই হাসপাতালে নেওয়া হয়। তখন চিকিৎসক লাবনী লতা তাঁকে জানান, জ্যোৎস্নার অস্ত্রোপচারের জায়গায় সংক্রমণ হয়েছে। ওই জায়গায় আবার অস্ত্রোপচার করতে হবে। অস্ত্রোপচার করতে আরও ১৫ হাজার টাকা লাগবে। এরপর তিনি জ্যোৎস্নাকে আরেকটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। আলমগীর মিয়া অভিযোগ করেন, ভুল অস্ত্রোপচারের কারণেই জ্যোৎস্নাকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল নামের সেই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন জ্যোৎস্না জানান, তিনি এখনো হাঁটতে পারেন না। কথা বলতেও কষ্ট হয়। অস্ত্রোপচারের স্থানে যন্ত্রণা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মালিক আবু সাঈদ বলেন, ১৭ নভেম্বর জ্যোৎস্নার পেটের সেলাইয়ের অংশে স্কচটেপ লাগানো অবস্থায় তাঁর হাসপাতালে আনা হয়। ওই সময় তাঁর পেটের নাড়িভুঁড়ি বের হয়ে গিয়েছিল। এখন তিনি আশঙ্কামুক্ত।
গ্রিন হেলথ হাসপাতালের চিকিৎসক লাবনী লতা দাবি করেন, তিনি ভুল চিকিৎসা করেননি। সঠিক অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করা হয়েছে। প্রসূতি বাড়িতে যাওয়ার পর সমস্যা হয়েছে।