ভুল অস্ত্রোপচারে রোগীর মৃত্যুর অভিযোগ, ক্লিনিকে হামলা
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে একটি ক্লিনিকে রোগীর দেহে ভুল অস্ত্রোপচারের ফলে ওই রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগে রোগীর স্বজনেরা গত শনিবার রাতে ক্লিনিকে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন।
স্থানীয় বাসিন্দা সূত্র ও রোগীর পারিবারিক সূত্র জানায়, সান্তাহার শহরের ব্যবসায়ী আবুল কালাম আজাদের দুগ্ধ খামারের কর্মচারী বাচ্চু মিয়াকে (৪৫) বৃহস্পতিবার সকালে অসুস্থ অবস্থায় শহরের ফেমাস ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে ওই রাতেই তাঁর হার্নিয়ার অস্ত্রোপচার করা হয়। শনিবার সকাল থেকে রোগী আবার অসুস্থ হয়ে পড়েন এবং প্রচণ্ড যন্ত্রণায় কাতরাতে থাকেন। এ অবস্থায় রোগীর স্বজনেরা রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানোর কথা বললেও ক্লিনিক কর্তৃপক্ষ রোগীকে স্থানান্তর না করে শনিবার দুপুরে আবার অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচার করার পর সন্ধ্যার দিকে বাচ্চু মিয়ার মৃত্যু হয়। এ খবর জানার পর তাঁর স্বজনেরা উত্তেজিত হয়ে ওঠেন এবং একপর্যায়ে ক্লিনিকে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালান। খবর পেয়ে থানার পুলিশ ও সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
বিষয়টি নিয়ে রোগীর আত্মীয়রা গভীর রাত পর্যন্ত ক্লিনিকমালিকের সঙ্গে ব্যবসায়ী সাজ্জাদ হোসেনের দোকানে বৈঠক করেন। নাম প্রকাশ না করার শর্তে ওই বৈঠকে উপস্থিত একজন বলেন, রোগীর আত্মীয়দের দুই লাখ টাকা দিয়ে বিষয়টি মীমাংসা করা হয়েছে।
এ ব্যাপারে ওই ক্লিনিকের তত্ত্বাবধায়ক ও পল্লি চিকিৎসক মাজেদুর রহমান বলেন, চিকিৎসক সার্জন প্রসেনজিৎ স্যানাল রোগীর অস্ত্রোপচার করেন। তিনি দাবি করেন, অস্ত্রোপচারে কোনো ভুল হয়নি। কিডনি অকার্যকর হওয়ার কারণে রোগীর মৃত্যু হয়েছে। দ্বিতীয়বার কেন রোগীর অস্ত্রোপচার করা হয়েছে—জানতে চাইলে মাজেদুর রহমান বলেন, রোগীর নাড়ি ফুটো হওয়ার কারণে আবার তাঁর দেহে অস্ত্রোপচার করতে হয়েছে। এ বিষয়ে অস্ত্রোপচারকারী চিকিৎসক প্রসেনজিৎ স্যানালের মুঠোফোনে গতকাল রোববার দুপুরে পাঁচ-ছয়বার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন কেটে দেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দীন বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। ঘটনার রাতে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন।