ভুল করে সই জাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকন্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে অফিস সহকারী ব্যাংক থেকে ৭৭ হাজার টাকা তুলে নেন। বিষয়টি জানাজানি হলে তিনি সমুদয় টাকা গত বৃহস্পতিবার ব্যাংকে জমা দেন। এ ঘটনায় অফিস সহকারী আল কামাল বলেন, ‘আমি ভুল করে টাকা তুলেছিলাম’।
উপজেলা পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে, পরিষদের রাজস্ব খাতের টাকা কৃষি ব্যাংকের বালিয়াকান্দি শাখায় জমা থাকে। উপজেলা পরিষদের নামে এ হিসাবটি চেয়ারম্যান ও ইউএনও যৌথ স্বাক্ষরে পরিচালিত হয়।
গত মঙ্গলবার ওই হিসাব থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও ইউএনও কামরুল হাসানের স্বাক্ষর জাল করে ৭৭ হাজার টাকা তুলে নেন অফিস সহকারী আল কামাল। পরের দিন ইউএনও কার্যালয়ের অফিস সহকারী মো. মনিরুজ্জামান ব্যাংক হিসাব বইতে চেকের একটি পাতা কম দেখে ইউএনওকে অবহিত করেন। পরে মনিরুজ্জামান বালিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর বিভিন্নভাবে খোঁজ নেওয়ার পর জানা যায়, কাজটি কামাল করেছেন। এভাবে ঘটনাটি জানাজানি হয়ে যাওয়ায় তিনি গত বৃহস্পতিবার ব্যাংকে ওই টাকাগুলো জমা দেন।
ইউএনও কামরুল হাসান বলেন, বিষয়টি খতিয়ে দেখার জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনিরুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।