ভুল চিকিৎসায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর শহরে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার এ ঘটনা ঘটে।
ওই নারীর স্বজনেরা ক্লিনিকে ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
মৃত নারীর নাম মুন্নি আক্তার (১৭)। তিনি চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী গ্রামের মুন্সিবাড়ির দিদার হোসেনের স্ত্রী।
মৃত্যুর ঘটনার পর ওই ক্লিনিকে কর্তব্যরত চিকিৎসক ও অন্যরা পালিয়ে যান। সে কারণে এ বিষয়ে তাঁদের কারও বক্তব্য পাওয়া যায়নি।
মুন্নির শাশুড়ি রীনা বেগম, চাচি আমেনা বেগমসহ তিন-চারজন স্বজন বলেন, শনিবার দুপুর ১২টার দিকে মুন্নির প্রসববেদনা শুরু হলে তাঁকে চাঁদপুর শহরে নেওয়া হয়। সেখানে দালালের খপ্পরে পড়ে তাঁকে মুক্তি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। মুন্নির আলট্রাসনোগ্রাম করে অস্ত্রোপচার করাতে হবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
অস্ত্রোপচারের জন্য অবেদনের ব্যবস্থা করলে মুন্নির হৃৎস্পন্দন বন্ধ হয়ে যায়। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর স্ট্রোক হয়েছে জানিয়ে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলে।
শহর থেকে ১৫ কিলোমিটার দূরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় চাঁদপুর-কুমিল্লা সড়কের বাকিলা যাওয়ার পর বিকেল পাঁচটার দিকে অ্যাম্বুলেন্সে থাকা স্বজনেরা বুঝতে পারেন মুন্নি মারা গেছেন। পথে হাজীগঞ্জের একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকেরা রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে কি না, তা নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সরকারি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই রোগীর মৃত্যুর খবর পেয়ে তাঁর স্বজনেরা হাসপাতালে ভাঙচুর চালানোর চেষ্টা করেন।
এ ঘটনায় রাত ১২টা পর্যন্ত ক্লিনিক এলাকায় উত্তেজনা বিরাজ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।