ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগে ক্লিনিকে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় বেসরকারি চিকিৎসা কেন্দ্রে (ক্লিনিক) ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মৃতের স্বজন ও এলাকাবাসী গত বুধবার রাতে ক্লিনিকটিতে ভাঙচুর চালিয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, স্টেশন রোড এলাকার পোশাকশ্রমিক আল-আমিনের স্ত্রী মমতাজ বেগমের প্রসববেদনা শুরু হলে গত বুধবার সকালে স্থানীয় আল-বারাকা ক্লিনিকে ভর্তি করা হয়। ক্লিনিক মালিক চিকিৎসক ফারুকুজ্জামান নিজেই মমতাজের অস্ত্রোপচার করেন। মমতাজের একটি ছেলে সন্তান হয়। কিন্তু অস্ত্রোপচার শেষ হতেই প্রসূতির অবস্থার অবনতি হতে থাকে। তখন রোগীকে ওয়ার্ডে স্থানান্তর করে ফারুকুজ্জামান দ্রুত হাসপাতাল ত্যাগ করেন। হাসপাতালের সহকারী ব্যবস্থাপক স্বজনদের ডেকে রোগীকে তাদের আরেকটি চিকিৎসাকেন্দ্র আছে জানিয়ে রোগীকে সেখানে নিতে বলেন। স্থানীয় শিলমুন ক্যাথারসিস হাসপাতাল নামের ওই ক্লিনিকে নেওয়ার পর মমতাজ বেগমকে মৃত ঘোষণা করা হয়।
চিকিৎসক ফারুকুজ্জামান বলেন, ভুল চিকিৎসায় নয়। প্রসূতি শ্বাসকষ্টের রোগী হওয়ায় অ্যানেসথেশিয়া দেওয়ার পর শ্বাস বন্ধ হয়ে মারা যান।