ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের একটি হাসপাতালে গতকাল শনিবার ভুল চিকিৎসায় আরিফা বেগম (২৮) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। আরিফা ঢাকার ধামরাইয়ের বাউখন্ড গ্রামের আবু হানিফের স্ত্রী। তাঁরা সাভার পৌর এলাকার বক্তারপুরে থাকতেন।
আবু হানিফ বলেন, প্রসব ব্যথা ওঠার পর আরিফাকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাভারের থানা রোডের প্রাইম হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন সন্ধ্যা সাতটার দিকে তাঁর অস্ত্রোপচার করেন হাসপাতালের পরিচালক ও চিকিৎসক খালেদা খাতুন। অস্ত্রোপচারের পর আরিফার ক্ষতস্থান দিয়ে রক্তক্ষরণ হতে থাকে। তাঁকে সুস্থ করতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁর দেহে রক্ত দেওয়া হয়। পর্যায়ক্রমে আট ব্যাগ রক্ত দেওয়ার পরও রোগীর অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গত শুক্রবার রাতে ওই হাসপাতালে (এনাম) ভর্তি করার পর তাঁর দেহে পুনরায় অস্ত্রোপচার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকালে তিনি মারা যান।
আবু হানিফ অভিযোগ করে বলেন, প্রাইম হাসপাতালের ভুল চিকিৎসা ও এনাম মেডিকেলে উপযুক্ত চিকিৎসার অভাবেই তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আরিফার এক আত্মীয় বলেন, অস্ত্রোপচারের সময় একটি রগ কেটে যাওয়ায় আরিফা মারা গেছেন বলে তাঁকে এক চিকিৎসক জানিয়েছেন। আরিফার মৃত্যুর পর তাঁরা সংশ্লিষ্ট ডাক্তারদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু এনাম কর্তৃপক্ষ মৃত্যুর কারণ-সংক্রান্ত সনদ না দেওয়ায় মামলা করা সম্ভব হয়নি।
আরিফার অপর আত্মীয় মনির হোসেন বলেন, মামলা করতে ব্যর্থ হওয়ায় স্থানীয় প্রভাবশালীদের মধ্যস্থতায় টাকার বিনিময়ে বিষয়টি আপস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যোগাযোগ করা হলে চিকিৎসক খালেদা খাতুন এ ব্যাপারে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। তবে তাঁর স্বামী ও হাসপাতালের পরিচালক (প্রাইম) চিকিৎসক আমিনুল ইসলাম বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই আরিফা মারা গেছেন। এটা এক ধরনের রোগ। অস্ত্রোপচারের মাধ্যমে বাচ্চা বের করার সময় প্রসূতিরা এ ধরনের রোগে আক্রান্ত হতে পারেন। ভুল চিকিৎসার কারণে তাঁর মৃত্যু হয়নি। অস্ত্রোপচারের পর রক্তক্ষরণ শুরু হলে তাঁকে রক্ত দিয়ে বাঁচানোর চেষ্টা করা হয়। অবস্থার অবনতি ঘটলে তাঁকে এনাম মেডিকেলে স্থানান্তর করা হয়।
এনাম মেডিকেলের পরিচালক আনোয়ারুল কাদের বলেন, আরিফাকে যখন তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়, তখন তাঁর দেহ থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। রক্তক্ষরণ বন্ধ করার জন্য গত শুক্রবার রাতেই তাঁর দেহে পুনরায় অস্ত্রোপচার করা হয়। এরপরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। কিন্তু কী কারণে রক্তক্ষরণ হচ্ছিল তা তিনি নিশ্চিত করতে পারেননি।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আমজাদুল হক বলেন, ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ ওঠায় গতকাল স্বাস্থ্য কমপ্লেক্সের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ফারজানা মাকসুরাতকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ দিনের মধ্যে ওই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।