ভুল চিকিৎসায় মা ও শিশুর মৃত্যুর অভিযোগ, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ধামইরহাট উপজেলায় ভুল চিকিৎসায় মা ও শিশুর মৃত্যুর অভিযোগে এক চিকিৎসকের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। গত সোমবার ধামইরহাট থানায় মামলাটি করেন নিহতের স্বামী আবদুল গোফফার। এ ঘটনায় ওই চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ২৩ মে দুপুরে উপজেলার দুর্গাপুর গ্রামের আবদুল গোফফার তাঁর প্রসূতি স্ত্রী ঝর্ণা বেগমকে (২৫) ধামইরহাট সিটি ক্লিনিকে ভর্তি করেন। রোগীর অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় জানানো হয়, জয়পুরহাট থেকে একজন চিকিৎসক আসছেন। তারপর ওই ক্লিনিকের চিকিৎসক আমিনুল ইসলাম রোগীকে ক্লিনিকে আটকে রাখেন। পরে সেই চিকিৎসক না আসায় আমিনুল ইসলাম অস্ত্রোপচার করেন। এতে মা ও শিশু উভয়েই মারা যায়। এ বিষয়ে আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। এ বিষয়ে ধামইরহাট থানার ওসি মির্জা আবদুস সালাম জানান, অস্ত্রোপচার করতে গিয়ে মা ও শিশুর মৃত্যুর ঘটনায় মামলা করা হয়েছে। আসামি আমিনুল ইসলামকে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে।