ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ শহরের মা ও শিশু জেনারেল হাসপাতালে গতকাল রোববার সকালে আফরোজা বেগম নেপুর (৪০) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। বেসরকারি এ হাসপাতালের চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় রোগীর ক্ষুব্ধ স্বজনেরা হাসপাতালের ভেতরে কয়েকটি চেয়ার-টেবিল ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত আফরোজা রামগঞ্জ পৌরসভার উত্তর শ্রীরামপুর এলাকার প্রবাসী জিল্লুর রহমানের স্ত্রী।
নিহতের মামাতো ভাই এমরান হোসেন জানান, আফরোজার জরায়ুতে সমস্যা দেখা দেওয়ায় অস্ত্রোপচারের জন্য বৃহস্পতিবার রাতে তাঁকে এ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা তড়িঘড়ি করে গত শুক্রবার অস্ত্রোপচারটি করেন। যথাযথভাবে অস্ত্রোপচার না করায় আফরোজা অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি জানানোর পরও হাসপাতাল কর্তৃপক্ষ আমলে নেয়নি। এভাবে ভুল চিকিৎসায় তিনি মারা যান। হাসপাতালের পরিচালক মো. হানিফ জানান, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রোগীর মৃত্যু হয়েছে। চিকিৎসকের কোনো অবহেলা ছিল না।