ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ, ভাঙচুর
কক্সবাজারের চকরিয়া পৌর শহরের একটি হাসপাতালে গতকাল রোববার ভুল চিকিৎসায় রাবেয়া খাতুন (৫৫) নামের এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোগীর স্বজনেরা হাসপাতালে ভাঙচুর করেছেন।
রাবেয়া বেগম চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা এলাকার মৃত মাশুক আহমদের স্ত্রী। তাঁর ছেলে নাছির উদ্দিন (৪০) বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁর মাকে পেটের ব্যথা নিয়ে জমজম হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর মা হেঁটে হাসপাতালে যান। এর ৩০ মিনিট পর তাঁকে মৃত ঘোষণা করা হয়। তিনি অভিযোগ করেন, দুটি ইনজেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে তাঁর মা মারা যান।
স্থানীয় লোকজন জানিয়েছেন, রাবেয়া খাতুনের মৃত্যুর পর রাত আটটা থেকে তাঁর স্বজনেরা হাসপাতালের সামনে বিক্ষোভ করেন। পরে তাঁরা হাসপাতালের ভেতরে ঢুকে সামনের ডেস্কের কাচ ও চেয়ার-টেবিল ভাঙচুর করেন। রাত সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাহেদুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জমজম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক গোলাম কবির প্রথম আলোকে বলেন, ‘হাসপাতালে রোগীর মৃত্যু ও ভাঙচুর নিয়ে এখন কোনো কথা বলব না। ব্যস্ত আছি। পরে যোগাযোগ করেন।’
ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ তুলে রোগীর স্বজনেরা হাসপাতালের কাচসহ কিছু আসবাব ভাঙচুর করেন।