ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, এলাকাবাসীর বিক্ষোভ
ঢাকার ধামরাইয়ের কসমস এলাকার সেফ লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকাবাসী হাসপাতালটি ঘেরাও করে বিক্ষোভ করেন।
মনোয়ার হোসেন নামের স্থানীয় এক ব্যক্তি এই হাসপাতালের মালিক বলে এলাকাবাসী জানিয়েছেন। মাস খানেক আগে হাসপাতালটি উদ্বোধন করা হয়।
ধামরাই থানার পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, পেটে ব্যথা নিয়ে বুধবার সেফ লাইফ হাসপাতালে ভর্তি হন ধামরাইয়ের খাতরা গ্রামের আতাবর রহমানের স্ত্রী ফুলবানু (৩৫)। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর পিত্তথলিতে পাথর হওয়ার কথা জানিয়ে অস্ত্রোপচারের মাধ্যমে তা অপসারণের পরামর্শ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের পরামর্শে রোগীর স্বজনেরা গতকাল তাঁর অস্ত্রোপচার করান।
আতাবর অভিযোগ করেন, গতকাল দুপুর আড়াইটার দিকে তাঁর স্ত্রীকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়। দেবাশীষ নামের এক চিকিৎসক এই অস্ত্রোপচার করেন। এ সময় কয়েকজন চিকিৎসক সেখানে ছিলেন। অস্ত্রোপচারের পরই ফুলবানু মারা যান। কিন্তু মৃত্যুর খবর না বলে অবস্থার অবনতি হয়েছে জানিয়ে দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়ে চিকিৎসকেরা গা ঢাকা দেন। বিকেলে ঢাকায় নেওয়ার পথে স্ত্রীর মৃত্যুর বিষয়টি ধরা পড়ে।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে সন্ধ্যায় স্থানীয় লোকজন ওই হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ করেন। তাঁরা হাসপাতালের ভেতরে ভাঙচুরের চেষ্টা চালান। খবর পেয়ে ধামরাই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে কথা বলতে গেলে হাসপাতালে চিকিৎসক ও কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।
ধামরাই ও আশুলিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুল চিকিৎসায় ফুলবানুর মৃত্যু হয়েছে বলে পরিবারের লোকজন অভিযোগ করেছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষের লোকজন গা ঢাকা দেওয়ায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।