ভুল চিকিৎসার অভিযোগে চিকিৎসকের বাড়ি ঘেরাও!
যশোরের কেশবপুরে একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় মোছাম্মৎ রেক্সোনা (২০) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগে আজ শুক্রবার সকালে রেক্সোনার স্বজন ও এলাকাবাসী ওই ক্লিনিক এবং সংশ্লিষ্ট চিকিৎসকের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছেন।
রেক্সোনার বাড়ি কেশবপুরের দেউলী গ্রামে। তাঁর দেবর হাবিবুর রহমান সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, গত শনিবার জরুরি অস্ত্রোপচারের জন্য রেক্সোনাকে কেশবপুর শহরের কপোতাক্ষ সার্জিক্যাল ক্লিনিকে ভর্তি করা হয়। ওই রাতে অস্ত্রোপচারের মাধ্যমে রেক্সোনার কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু অস্ত্রোপচারের পর রেক্সোনার পেটে ব্যথা ওঠে। তখন তাঁকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়। পরে অস্ত্রোপচারকারী চিকিৎসক মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা দিলীপ রায় রেক্সোনার রক্তের প্রয়োজন বলে জানান। চিকিৎসকের পরামর্শে তিন ব্যাগ রক্তও দেওয়া হয়। পরে রোগীর অবস্থা খারাপ হলে চিকিৎসক আবার অস্ত্রোপচারের কথা জানান। রাতেই আবারও রেক্সোনার অস্ত্রোপচার করা হয়। কিন্তু তারপরও অবস্থার উন্নতি না হওয়ায় গত বুধবার স্বজনেরা রেক্সোনাকে খুলনায় আরেকটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে ওই দিন রাত সাড়ে ১২টার দিকে রেক্সোনা মারা যান।
হাবিবুর অভিযোগ করেন, কপোতাক্ষ সার্জিক্যাল ক্লিনিকে চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে রেক্সোনার মৃত্যু হয়েছে।
এদিকে এ অভিযোগে আজ সকালে রেক্সোনার এলাকার তিন শতাধিক লোক কেশবপুর শহরের কপোতাক্ষÿসার্জিক্যাল ক্লিনিক এবং পরে অস্ত্রোপচার করা চিকিৎসক দিলীপ রায়ের কেশবপুর শহরের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সরে যান।
জানতে চাইলে চিকিৎসক দিলীপ রায় প্রথম আলোকে বলেন, ‘রোগীর পেটে পানি জমেছিল। এ কারণে দ্বিতীয়বার অস্ত্রোপচার করতে হয়েছে। কিডনিও ভালো কাজ করছিল না। পরে পরিবারের লোকজন রোগীকে খুলনায় নিয়ে নিয়ে যায়। সেখানে তাঁর মৃত্যু হয়েছে। আমার চিকিৎসায় কোনো ভুল ছিল না।’
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, রোগীর স্বজনেরা লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।