ভুল চিকিৎসার অভিযোগে ক্লিনিক ভাঙচুর
ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় হালিমা আক্তার (২৩) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ তুলে তাঁর স্বজনেরা একটি ক্লিনিকে ভাঙচুর চালিয়েছেন। গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া প্রসূতি হালিমা বেগম ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার রাজবল্লভপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। তবে ক্লিনিক কর্তৃপক্ষ তাঁকে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে।
নিহত নারীর পরিবারের লোকজন সূত্রে জানা গেছে, হালিমা প্রসবব্যথা নিয়ে গত বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার লোকনাথ দিঘিরপাড়ের সেবা ক্লিনিকে ভর্তি হন। ওই দিন রাতেই ক্লিনিকের গাইনি চিকিৎসক খালেদা আক্তার হালিমার অস্ত্রোপচার করেন। এ সময় হালিমা যমজ দুটি সন্তানের জন্ম দেন। কিন্তু গত বৃহস্পতিবার সকালে হালিমার অবস্থা সংকটাপন্ন হয়। এ সময় ক্লিনিকের চিকিৎসক তাঁকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। সে অনুযায়ী স্বজনেরা তাঁকে ঢাকায় নিয়ে শমরিতা হাসপাতালে ভর্তি করান। কিন্তু দুপুরের দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এদিকে অস্ত্রোপচারের সময় চিকিৎসক খালেদা আক্তার প্রসূতি হালিমার ভুল চিকিৎসা করেছেন অভিযোগ তুলে গত বৃহস্পতিবার রাতে তাঁর স্বজনেরা লোকজন নিয়ে সেবা ক্লিনিকে ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সেবা ক্লিনিকের চিকিৎসক খালেদা আক্তার বলেন, ‘আমার এখানে আনার আগেই প্রসবের চেষ্টা করানো হয়েছিল। এ ছাড়া হালিমার আরও সমস্যা ছিল।’ তিনি দাবি করেন, চিকিৎসায় কোনো ধরনের অবহেলা ছিল না। এ ছাড়া রোগী ঢাকায় নেওয়ার পর মারা গেছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।