ভুল চিকিৎসায় নবজাতকসহ প্রসূতির মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকসহ শান্তা বেগম (২০) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ভুল অস্ত্রোপচারের কারণে ওই প্রসূতি মারা গেছেন বলে রোগীর স্বজনেরা অভিযোগ করেন। গত শনিবার রাত আটটার দিকে শহরের কাউতলী এলাকার দি আল-ফালাহ্ মেডিকেল সেন্টারে এ ঘটনা ঘটে।
শান্তা সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের উত্তর জগতসার গ্রামের মনির হোসেনের স্ত্রী। চলতি বছরের জানুয়ারিতে শহরের শিমরাইলকান্দি এলাকার নান্নু মিয়ার মেয়ে শান্তার সঙ্গে মনিরের বিয়ে হয়।
পরিবারের সদস্যরা জানান, গত শনিবার সন্ধ্যায় শান্তার প্রসবব্যথা উঠলে তাঁকে দি আল-ফালাহ্ মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে শান্তার অস্ত্রোপচার করেন সদর হাসপাতালের জ্যেষ্ঠ বিশেষজ্ঞ (সার্জারি) শফিকুল ইসলাম। অস্ত্রোপচারের কিছুক্ষণ পরেই শফিকুল ইসলাম শান্তার স্বজনদের এসে বলেন, প্রসবকালে নবজাতকের মৃত্যু হয়েছে। কিছুক্ষণ পর এসে শফিকুল বলেন, শান্তার অবস্থা আশঙ্কাজনক। তাঁকে তিন ঘণ্টার মধ্যে ঢাকায় নিতে হবে। এরই মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য শান্তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে তুলে দেয়। রাত একটার দিকে স্বজনেরা গাজীপুরের টঙ্গী ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শান্তার স্বামী মনির হোসেন বলেন, প্রসবের আগে শান্তার অবস্থা স্বাভাবিক ছিল। ওই হাসপাতালে স্ত্রী ও প্রসূতি রোগের চিকিৎসক ছাড়াই তাঁর স্ত্রীর সন্তান প্রসব করান শফিকুল ইসলাম।
তিনি অভিযোগ করেন, ওই চিকিৎসক ভুল অস্ত্রোপচার করেছেন। অস্ত্রোপচারের পর চিকিৎসকসহ হাসপাতাল কর্তৃপক্ষ সেখান থেকে পালিয়ে গেছে। তিনি এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছেন।
গতকাল দুপুরে ওই হাসপাতালে গিয়ে কর্তৃপক্ষ, চিকিৎসক এবং কোনো রোগীকে পাওয়া যায়নি। সেখানে ফরিদা বেগম ও ছায়া রানী নামের দুজন আয়াকে দেখা যায়।
দি আল-ফালাহ্ মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আনিছুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
জানতে চাইলে শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি কোনো কিছু বলতে পারব না। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলুন।’