ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ঘেরাও
নরসিংদীতে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শহরের ভেলানগর এলাকার সুপ্রিম জেনারেল হাসপাতালে গতকাল রোববার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত হাসপাতাল অবরুদ্ধ করে রাখে রোগীর স্বজন ও স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিশ্বজিৎ চন্দ্র দাস বলেন, ‘আমার স্ত্রীকে হাসপাতালে আনার পর গত মঙ্গলবার অস্ত্রোপচারের মাধ্যমে পুত্রসন্তান হয়। সে সম্পূর্ণ সুস্থ ছিল। আজ (রোববার) সকালে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার কথা ছিল। এ জন্য হাসপাতালের ব্যবস্থাপক উজ্জ্বল আমার কাছে ২০০ টাকা দাবি করেছিল। কিন্তু আমি দিইনি। টাকা না দেওয়ায় আমার ছেলেকে ভুল পদ্ধতিতে ইনজেকশন দেওয়া হয়েছে বলে আমি ধারণা করছি। এর কিছুক্ষণ পরই সে মারা যায়। খবর পেয়ে আমার আত্মীয়স্বজন হাসপাতালে এসেছে।’
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম বলেন, ‘নবজাতকের মৃত্যুর খবর পেয়েছি। কিন্তু কী কারণে এ মৃত্যুর ঘটনা ঘটেছে তা আমরা খতিয়ে দেখছি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।’