ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, দুই চিকিৎসক কারাগারে
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগে দুই চিকিৎসককে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন ও রোগীর স্বজনেরা হাসপাতালটিতে ভাঙচুর চালান।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর প্রথম আলোকে বলেন, ধোলাইর পাড় এলাকার যমুনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে গত শুক্রবার রাতে মিলি বেগম নামে এক প্রসূতির মৃত্যু হয়। তাঁর স্বজনেরা ভুল চিকিৎসার অভিযোগে হাসপাতালে ভাঙচুর করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার সঙ্গে জড়িত দুই চিকিৎসক রওশন আরা পারভিন ও মনিরুজ্জামানকে আটক করে।
গতকাল শনিবার দুপুরে মিলির বড় ভাই ফিরোজ আলম বাদী হয়ে মামলা করলে দুই চিকিৎসককে গ্রেপ্তার দেখানো হয়। পুলিশ গ্রেপ্তার দুই চিকিৎসকের সাত দিন করে রিমান্ড চেয়ে আদালতে হাজির করলে আদালত তাঁদের কারাগারে পাঠিয়েছেন। মিলির লাশ মিটফোর্ড হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। মিলির স্বামী শাহীন কাজী একজন ব্যবসায়ী। তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে। স্বামী-সন্তানের সঙ্গে মিলি যাত্রাবাড়ীতে ভাড়া বাসায় থাকতেন।
মিলির ছোট ভাই বাবুল আলম প্রথম আলোকে বলেন, বোনকে অন্তঃসত্ত্বা অবস্থায় গত ১৮ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে মিলি সন্তান প্রসব করেন। তবে জন্মের পরই সন্তান মারা যায়। এর কয়েক দিন পর ঢামেকের কর্তব্যরত চিকিৎসকেরা মিলিকে সুস্থ ও আশঙ্কামুক্ত বলে হাসপাতাল থেকে ছাড়পত্র দেন।
বাবুল বলেন, ‘ঢামেক থেকে ছাড়পত্র নিয়ে এলেও অস্ত্রোপচারের সেলাই কাটা ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য মিলিকে যাত্রাবাড়ীর যমুনা হাসপাতালে ভর্তি করানো হয়। এখানে তার চিকিৎসার তত্ত্বাবধানে ছিলেন ডা. রওশন আরা পারভিন। প্রায় সুস্থ অবস্থায় যমুনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু চার দিনের মাথায় ডাক্তারের ভুল চিকিৎসায় মারা যায় আমার বোন।’ মিলির স্বজনেরা অভিযোগ করেন, পুলিশ মামলা নিতে গড়িমসি করছিল। আর গ্রেপ্তার হওয়া চিকিৎসকদের স্বজনেরা মিলির পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলেও তাঁরা অভিযোগ করেন। বাবুল বলেন, ‘শুক্রবার সারা রাত আর শনিবার সারা দিন আমাদের থানায় বসায় রাখছে। আমাদের ওপর প্রেশার ক্রিয়েট করতেছে মামলা তুলে নিতে।’
মামলা নিতে না চাওয়ার অভিযোগ সত্য না বলে দাবি করেন যাত্রাবাড়ী থানার ওসি অবনী শংকর। তিনি বলেন, ‘উনারা (রোগীর স্বজনেরা) যা করেছেন সেটা ঠিক না। সঠিক সময়ে পুলিশ না গেলে চিকিৎসকদের ওপরেও হামলা করতেন। অবহেলায় রোগীর মৃত্যুর মামলা নিয়েছে পুলিশ এবং জড়িত চিকিৎসকদের রিমান্ডও চাওয়া হয়েছে।’