ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলা শহরের একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে (ক্লিনিক) এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে গতকাল শুক্রবার ক্লিনিক ও চিকিৎসকের বাড়ি ঘেরাও হয়েছে। ভুল চিকিৎসার কারণে গত বুধবার ওই প্রসূতির মৃত্যু হয় বলে অভিযোগ করেছেন স্বজনেরা।
পারিবারিক সূত্র জানায়, দেউলী গ্রামের আবুল কালামের অন্তঃসত্ত্বা স্ত্রী রোকসানা বেগমকে (২০) গত শনিবার কপোতাক্ষ সার্জিক্যাল ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসক দিলীপ চন্দ্র রায় রাতে অস্ত্রোপচার করলে রোকসানার কন্যাসন্তান হয়। পরদিন রাতে রোগীর পেটে ব্যথা হলে ঘুমের ইনজেকশন দেওয়া হয়।
রোকসানার দেবর হাবিবুর রহমান বলেন, ‘রোববার দিবাগত রাত দুইটার দিকে ক্লিনিকের মালিক রবিউল ইসলাম তাঁর কাছ থেকে তিনটি সাদা কাগজে সই নেন। রোগীর অবস্থা খারাপ হলে ওই রাতে আবার অস্ত্রোপচার করা হয়। পরে রোগীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। ক্লিনিকের কেউ কথা বলতে না চাইলে বুধবার সন্ধ্যায় রোগীকে খুলনার সার্জিক্যাল ক্লিনিকে নিয়ে ভর্তি করি। ওই দিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রোগী মারা যান। রোগীর পেছনের দিকে কাটা চিহ্ন রয়েছে। রোগীর কিডনি নিয়ে নেওয়া হয়েছে। মামলার প্রস্তুতি নিচ্ছি।’
দাফনের আগে গোসলের সময় উপস্থিত থাকা সখিনা বেগম বলেন, তিনি কোমরের পেছনের অংশে কাটা দেখেছেন।
চিকিৎসক দিলীপ রায় বলেন, ‘রোগীর পেটে পানি জমে ছিল। এ কারণে দ্বিতীয়বার অস্ত্রোপচার করতে হয়েছে। কিডনিও ভালো কাজ করছিল না। সে কারণে খুলনায় উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দিই। চিকিৎসায় অবহেলা হয়নি। এখানে কিডনি অপসারণ করা অসম্ভব। রোগীর স্বজনদের ভুল বোঝানো হয়েছে।’
রোগীর স্বজনেরা বলেন, বৃহস্পতিবার বিকেলে রোগীর মৃত্যুর কারণ সম্পর্কে জানতে এলে কপোতাক্ষ সার্জিক্যাল ক্লিনিকের মালিক রবিউল ইসলাম তাঁদের মাস্তান দিয়ে ভয় দেখিয়ে তাড়িয়ে দেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে এলাকার তিন শতাধিক নারী-পুরুষ ভুল চিকিৎসায় রোকসানার মৃত্যু হয়েছে অভিযোগ করে প্রথমে কপোতাক্ষ সার্জিক্যাল ক্লিনিক এবং পরে অস্ত্রোপচারকারী চিকিৎসক দিলীপ রায়ের বাড়ির সামনে বিক্ষোভ করেন। তাঁরা দিলীপ রায়ের বিচার দাবি করেন। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। দুপুর একটার দিকে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা ফিরে যান।
ক্লিনিকের মালিক রবিউল ইসলাম বলেন, ‘রোগীর অবস্থার অবনতি হলে স্বজনেরা খুলনায় নিয়ে যান। সেখানে রোগীর মৃত্যু হয়। এর দায় আমাদের ওপর চাপানো হচ্ছে। জোর করে সাদা কাগজে সই ও মাস্তান দিয়ে তাড়িয়ে দেওয়ার অভিযোগ ঠিক নয়।’
ওসি সহিদুল ইসলাম বলেন, ‘রোগীর স্বজনদের বলেছি, অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’