ফেনীতে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার ভোরে ফেনী শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকার মিশন হাসপাতালে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূর নাম মুক্তা আক্তার। তিনি ফুলগাজী উপজেলার বশিকপুর গ্রামের প্রবাসী হারুন অর রশীদের স্ত্রী।
ঘটনার পর গতকাল বৃহস্পতিবার সকালে গৃহবধূর স্বজনেরা হাসপাতালে ভিড় করেন। এ সময় তাঁরা হাসপাতালে ভাঙচুরের চেষ্টা চালান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুপুর ১২টার দিকে ফেনীর সিভিল সার্জন হাসান শাহরিয়ার কবির ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পি কে এম এনামুল করিম হাসপাতালটি পরিদর্শন করেন। ভুল চিকিৎসা ও দায়িত্বে অবহেলার দায়ে হাসপাতালটি বন্ধ করার নির্দেশ দিয়েছেন তাঁরা।
গৃহবধূর স্বজনেরা অভিযোগ করেন, গত বুধবার রাত দেড়টার দিকে মুক্তা আক্তারের প্রসবব্যথা শুরু হলে তাঁকে ফুলগাজী থেকে মিশন হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা।হাসপাতালে ভর্তি করা হলে তাৎক্ষণিক কোনো চিকিৎসক না থাকায় সেবিকা ও আয়ারা চিকিৎসাসেবা দেন। ভোর চারটার দিকে স্বাভাবিক প্রসবের মাধ্যমে সন্তান ভূমিষ্ঠ হয়। ভূমিষ্ঠ হওয়ার কিছুক্ষণ পর মারা যায় নবজাতক। এরপর রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় মারা যান মা।
এ ব্যাপারে মিশন হাসপাতালের পরিচালক জালাল আহমদ প্রথম আলোকে বলেন, অবস্থার অবনতি দেখে হাসপাতালের চিকিৎসক প্রসূতিকে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন। রোগী ফেনী সদর হাসপাতালে মারা যান।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অসীম কুমার সাহা বলেন, প্রসূতি মা ও নবজাতক শিশুটি মারা যাওয়ার পর হাসপাতালে আনা হয়। দুটি লাশই ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পি কে এম এনামুল করিম বলেন, চিকিৎসায় অবহেলার অভিযোগে অনির্দিষ্টকালের জন্য হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়েছে।