ভুল চিকিৎসায় মৃত্যু সাত লােখ রফা
ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি বেসরকারি হাসপাতালে গত বৃহস্পতিবার রাতে ভুল চিকিৎসায় মুন্না মিয়া (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ওই রাতেই এ ঘটনাকে ধামাচাপা দিতে সাত লাখ টাকায় দফারফা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মুন্না মিয়া শহরতলির বিরাসার গ্রামের দরিদ্র কবির মিয়ার ছেলে।
মারা যাওয়া শিশুর চাচাতো ভাই কাউছার মিয়া জানান, মুন্না মিয়া বৃহস্পতিবার বিকেলে বন্ধুদের সঙ্গে খেলা করতে গিয়ে বাঁ হাত ভেঙে ফেলে। পরে তাকে শহরের কুমারশীল মোড়ের নিউ অ্যাপোলো শিশু ও জেনারেল হাসপাতালের অর্থোপেডিক চিকিৎসক গোলাম মোস্তফার তত্ত্বাবধানে ভর্তি করা হয়। সেখানে রাত ১০টার দিকে তার কোমরে ও ডান হাতে একাধিক ইনজেকশন দেওয়ার পর সে সংজ্ঞাহীন হয়ে পড়ে। এর কিছুক্ষণ পরই সে মারা যায়। এ ঘটনার পর বিরাসার গ্রামের কয়েক শ লোক ওই হাসপাতালে ভাঙচুরের চেষ্টা চালায়। কিন্তু পুলিশ এতে বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। এ সময় পুলিশ লাঠিপেটা করলে অন্তত ১০ জন আহত হয়। পরে ক্ষুব্ধ জনতা রাত ১২টার দিকে চিকিৎসকের বিচারের দাবিতে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করে।
অভিযুক্ত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ভুল চিকিৎসার কথা স্বীকার করে বলেন, ‘ওই হাসপাতালে কর্মরত একজন সেবিকার ভুলের কারণে কিশোরের মৃত্যু হয়েছে। ওই সেবিকাই তাকে একাধিকবার ইনজেকশন দিয়েছেন।’
অভিযোগ উঠেছে, নাটাই (উত্তর) ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত যুগ্ম সম্পাদক তাজ মো. ইয়াছিন সাত লাখ টাকার বিনিময়ে এ ঘটনা ধামাচাপা দেওয়ার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করছেন।
এ ব্যাপারে তাজ মো. ইয়াছিন জানান, নিহত শিশুর পরিবারের আর্থিক অবস্থা ভালো নয় বলে তার পরিবারকে কিছু টাকা দেওয়ার জন্য ডাক্তারকে প্রস্তাব দেওয়া হয়েছে। ওই টাকার পরিমাণ সাত লাখ উল্লেখ করে তিনি বলেন, ‘এর মধ্যে পাঁচ লাখ নিহতের পরিবারকে আর বাকি টাকা পুলিশ, মিডিয়ার লোকজন ও ছাত্রলীগের পোলাপানকে দেওয়া হবে।’
অবশ্য ওই হাসপাতালের পরিচালক সায়মন মিয়া বলেন, ‘ঘটনাটি সামাজিকভাবে মীমাংসা করা হয়েছে বলে আমরা জেনেছি। যেহেতু ডাক্তারের ভুলে এমন হয়েছে তাই ডাক্তারই ক্ষতিগ্রস্তদের সঙ্গে বিষয়টি মীমাংসা করেছেন।’
এদিকে টাকা নিয়ে রফাদফার বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন জামি বলেন, ‘ভুল চিকিৎসায় কারও মৃত্যু হলে তা টাকা নিয়ে সমাধান হতে পারে না। তারা শুধু শুধু সাংবাদিকদের নাম বলেছে। এভাবে টাকা দিয়ে দফারফা করে দেশটাকে অচল করে দেওয়া হচ্ছে।’
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ বলেন, ‘পুলিশের কাজ হচ্ছে লাশের সুরতহাল ও ময়নাতদন্ত করা। সেটা আমরা করেছি এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব। টাকার মাধ্যমে সমঝোতার কোনো কথা আমাদের কানে আসেনি।’