ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তার ভুল চিকিৎসায় মেওয়া বেগম (৫০) নামের এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। মেওয়া বেগমের বাড়ি উপজেলার পদ্মপুর গ্রামে।
মেওয়া বেগমের পরিবার ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মেওয়াকে শনিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তখন জরুরি বিভাগে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা সফিকুর রহমান আকন্দ রোগীকে নাইট্রোমিন্ট স্প্রে করেন। এতে সঙ্গে সঙ্গেই রোগীর মৃত্যু ঘটে।
মেওয়া বেগমের নাতি মো. মাসুদ মিয়া অভিযোগ করে বলেন, ‘আমার দাদিকে রিকশায় করে হাসপাতালে নিয়ে যাই। রিকশা থেকে নেমে আমার দাদি হেঁটে হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে বসেন। তখন হাসপাতালে কোনো চিকিৎসক ছিলেন না। আকন্দ সাহেব আমাদের কিছু জিজ্ঞেস না করেই দাদিকে জরুরি বিভাগের বেডে শুয়াইয়া একটি স্প্রে করেন। আমার দাদি সঙ্গে সঙ্গেই মারা যান।’
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কামরুন নাহার বলেন, ‘আমি বাসা থেকে হাসপাতালে আসার আগেই আকন্দ সাহেব রোগীকে স্প্রে করে দিয়েছেন। তবে আমাকে কিছু জিজ্ঞেস করা হয়নি।’ কামরুন নাহার আরও বলেন, ‘আকন্দ সাহেব অনেক অভিজ্ঞ লোক। একজন ডাক্তারের চেয়েও বেশি জানেন। তিনি তো না জিজ্ঞেস করেই স্প্রে করতে পারেন।’
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, ‘আমাদের টাকায় হাসপাতালে একটি নাইট্রোমিন্ট স্প্রে মজুত রেখেছি। কারণ অনেক সময় শ্বাসকষ্টের রোগী হাসপাতালে এলে তাদের জরুরিভাবে স্প্রে করার প্রয়োজন হয়। মেডিকেল অ্যাসিসট্যান্টদের বলা আছে, এই ধরনের রোগী হাসপাতালে এলে সঙ্গে সঙ্গেই স্প্রে করে দিতে হবে। এতে রোগী হয় বাঁচবে, না হয় মরবে।’ তবে সফিকুর রহমান কোনো চিকিৎসকের পরামর্শে ওই রোগীকে স্প্রে করেননি বলে নিশ্চিত করেন তিনি।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে সফিকুল ইসলাম বলেন, ‘রোগীর শ্বাসকষ্ট দেখেই নাইট্রোমিন্ট স্প্রে করা হয়েছে। আর তাতে রোগীর মৃত্যু হলে আমার কী? আর জরুরি বিভাগে স্প্রে রাখাই হয়েছে এমন রোগী এলে সঙ্গে সঙ্গেই স্প্রে করার জন্য। তাই করেছি।’
ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন শওকত হোসেন গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়া মেডিকেল আ্যাসিসট্যান্ট কোনো চিকিৎসা করতে পারেন না, বাঞ্ছারামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অ্যাসিসট্যান্টের চিকিৎসায় রোগীর মৃত্যুর বিষয়টি আমার জানা নেই। আমি বিষয়টি জেনে ব্যবস্থা নেব।’ তিনি আরও বলেন, নাইট্রোমিন্ট স্প্রে হাসপাতালে থাকার কথা না। বাঞ্ছারামপুর হাসপাতলে কীভাবে ওই স্প্রে এল, তা খতিয়ে দেখা হবে।