ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ
গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায় সেবাশুশ্রূষা নামের একটি হাসপাতালে গত রোববার রাতে ভুল চিকিৎসায় আয়েশা আক্তার (২২) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী হাসপাতালে ভাঙচুর চালিয়েছেন। রোগীর মৃত্যুর পরই হাসপাতালের চিকিৎসক ও সেবিকারা (নার্স) পালিয়ে গেছেন।
আয়েশার স্বজনেরা জানান, আয়েশার গলার টিউমারের অস্ত্রোপচারের জন্য তিন দিন আগে তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। শরীরে রক্ত দিয়ে অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়ার একপর্যায়ে রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁর পেটে ব্যথা শুরু হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে দুটি বড়ি খেতে দেন। বড়ি দুটি খাওয়ার প্রায় ১০ মিনিট পর যন্ত্রণায় ছটফট করতে করতে তিনি মারা যান। এ ঘটনার পর হাসপাতালের মালিক জালাল আহমেদ ছাড়া সব চিকিৎসক, সেবিকা ও কর্মচারীরা পালিয়ে যান। খবর পেয়ে আয়েশার আত্মীয়স্বজন ও এলাকাবাসী এসে হাসপাতালের সামনে জড়ো হতে থাকেন। একপর্যায়ে তাঁরা সেখানে ভাঙচুর চালান। খবর পেয়ে রাত নয়টার দিকে টঙ্গী থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাসপাতালের মালিক জালাল আহমেদ জানান, কর্তব্যরত চিকিৎসক মালিথা ওই রোগীকে ব্যথানাশক অ্যালজিন ও প্যারাসিটামল বড়ি খাওয়ান। এর কিছুক্ষণ পরই আয়েশা মারা যান। তবে ভুল চিকিৎসায় তিনি মারা গেছেন এটা ঠিক নয়।
টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসানুজ্জামান বলেন, চিকিৎসক ও নার্সরা পলাতক।