ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সার্জিস্কোপ হাসপাতালের ইউনিট–১–এর ভাঙচুর করা একটি কক্ষ l ছবি: প্রথম আলো
সার্জিস্কোপ হাসপাতালের ইউনিট–১–এর ভাঙচুর করা একটি কক্ষ l ছবি: প্রথম আলো

রোগীর মৃত্যুর পর চট্টগ্রাম নগরের সার্জিস্কোপ হাসপাতাল ভাঙচুর করা হয়েছে। স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া রোগী মেহেরুন নিসা প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলামের ছোট ভাই আবুল বাশারের মেয়ে।
গতকাল রোববার সকালে ওই হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন মেহেরুন নিসা। অতিরিক্ত রক্তক্ষরণে বিকেলে তাঁর মৃত্যু হয়। সন্ধ্যায় ক্ষুব্ধ স্বজনেরা ওই হাসপাতালে ভাঙচুর চালান। পরে পুলিশ হাসপাতালে গিয়ে রোগীর স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষের ১২ জনকে থানায় নিয়ে যায়।
জানতে চাইলে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, স্বজনদের অভিযোগ, চিকিৎসকদের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে। তারা ক্ষুব্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেটে অবস্থিত সার্জিস্কোপ হাসপাতালের ইউনিট-১ এবং এর কয়েক শ গজ দূরে হাসপাতালের ইউনিট-২-এর কয়েকটি কক্ষ ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গত রাত সাড়ে নয়টার দিকে ওসি প্রথম আলোকে বলেন, থানায় দুই পক্ষের বক্তব্য শোনার পর পুলিশ পরবর্তী পদক্ষেপ নেবে।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলামের ব্যক্তিগত সহকারী নিয়াজ মোরশেদ প্রথম আলোকে বলেন, ‘সাধারণত অস্ত্রোপচারের পর কোনো রোগীর মৃত্যু হয় না। চিকিৎসকের অবহেলার কারণেই রোগীর মৃত্যু হয়েছে।’
অভিযোগের বিষয়ে সার্জিস্কোপ হাসপাতাল ইউনিট-১-এর কর্মকর্তা মাসুকুর রহমান দাবি করেন, চিকিৎসকের কোনো অবহেলা ছিল না। ভাঙচুরে হাসপাতালের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।