ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, ভাঙচুর হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ তুলে সিলেটে বেসরকারি একটি হাসপাতালে ভাঙচুর চালিয়েছেন স্বজনেরা। গত বৃহস্পতিবার নগরের পুরান লেন এলাকার সিলেট ডায়াবেটিক হাসপাতালে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সিলেটের দক্ষিণ সুরমা বদিকোনা গ্রামের লিজা বেগম (২০) নামের এক তরুণীর ব্রেস্ট টিউমার অপসারণ করতে হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের জন্য বিকেল পাঁচটায় তাঁকে অস্ত্রোপচারকক্ষে নেওয়া হয়। অস্ত্রোপচারের আগ মুহূর্তে রোগীর অবস্থা খারাপ হয়ে পড়লে সন্ধ্যার দিকে তাঁকে অচেতন অবস্থায় আরেকটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান।
মৃত্যুর খবরে লিজার আত্মীয় পরিচয় দিয়ে রাত আটটার দিকে একদল লোক ডায়াবেটিক হাসপাতালে গিয়ে চিকিৎসকের ওপর চড়াও হন। তাঁরা চিকিৎসায় ভুলের কারণে রোগীর মৃত্যু হয়েছে অভিযোগ তুলে কর্তব্যরত চিকিৎসকের কক্ষ, অস্ত্রোপচারকক্ষ, একটি কেবিন, হাসপাতালের ফার্মেসি ও ডায়ালাইসিস ইউনিটে ভাঙচুর চালান। বাধা দিলে মারধরের শিকার হন চিকিৎসক শিহার উদ্দিন, সেবিকা লাভলী দেসহ দুই নিরাপত্তাকর্মী। খবর পেয়ে সিলেট কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক এ জেড মাহবুব আহমদ জানিয়েছেন, ভাঙচুরে হাসপাতালের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি জানান, চিকিৎসাধীন রোগীর মৃত্যু দুঃখজনক। পরবর্তী সময়ে যা ঘটল, সেটিও দুঃখজনক। চিকিৎসার ভুল অভিযোগ যথাযথভাবে জানালে তদন্ত করে ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু তা না করে এ রকম ঘটনা ঘটানোয় হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি আইনি প্রতিকারে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। পাশাপাশি ঘটনা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।