বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, স্বাস্থ্য সহকারী আটক
ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্য সহকারীকে আটক করেছে পুলিশ। এদিকে ভুল চিকিৎসার অভিযোগে গতকাল শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিক্ষোভ করে এলাকাবাসী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অমল নাথ (৪০) নামের এক রোগী বুকের ব্যথা নিয়ে গতকাল দুপুরের দিকে বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। ওই সময় কর্তব্যরত চিকিৎসক স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের দ্বিতীয় তলায় রোগী দেখছিলেন। চিকিৎসকের অনুপস্থিতিতে স্বাস্থ্য সহকারী নারায়ণ চৌধুরী অমল নাথের শরীরে একটি ইনজেকশন দেন এবং তাঁকে অ্যান্টাসিড জাতীয় সিরাপ খাইয়ে দেন।
অমল নাথের স্ত্রী বাপ্পী নাথ প্রথম আলোকে বলেন, ইনজেকশন দেওয়ার সময় তাঁর স্বামী অমল নাথ বারবার বলেন তাঁর (অমল) ডায়াবেটিস আছে। কিন্তু নারায়ণ চৌধুরী এসব শুনছিলেন না। এরপর নারায়ণ চৌধুরী ইসিজি করতে তাঁর স্বামীকে নিয়ে রোগনির্ণয় কেন্দ্রে যেতে বলেন। এ সময় তিনি (নারায়ণ চৌধুরী) একটি ব্যবস্থাপত্রও লিখে দেন।
বাপ্পী নাথ বলেন, ইসিজি করার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের ফটক পার হওয়ার পর তাঁর স্বামী মাটিতে লুটে পড়েন। এ সময় তাঁর মুখ ও নাক দিয়ে ফেনা বের হচ্ছিল। এরপর অমলকে ধরাধরি করে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুই সন্তানের জনক অমল নাথের বাড়ি বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদণ্ডী গ্রামে। তিনি একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) কেয়ারটেকার হিসেবে কাজ করতেন।
বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সাবরিনা শারমিন বলেন, ‘অমল নাথের কী চিকিৎসা হয়েছে জানি না। কারণ, ওই সময় আমি অন্য রোগী দেখছিলাম।’
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন চৌধুরী বলেন, অমলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বেলা আনুমানিক আড়াইটার দিকে গ্রামের শত শত মানুষ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জড়ো হয়। গ্রামবাসী ভুল চিকিৎসার অভিযোগ তুলে এর জন্য দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ করে।
ওসি জানান, স্বাস্থ্য সহকারী নারায়ণ চৌধুরীকে আটক করা হয়েছে।
পোপাদিয়া ইউপি চেয়ারম্যান এস এম জসিমউদ্দিন বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসির অনুরোধে আমি ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে শান্ত করি। নারায়ণ চৌধুরীও আমাদের এলাকার বাসিন্দা। বিষয়টি আমরা দুই পরিবারের ওপর ছেড়ে দিয়েছি।’
পারিবারিক সূত্র জানায়, গতকাল সকালে অমল নাথ পুকুরে মাছ ধরেন। বেলা একটার দিকে তিনি গোসল করতে যান। গোসলের পর হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করেন। ওই সময় স্ত্রী বাপ্পী নাথ তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।