ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে সিরাজগঞ্জ কমিউনিটি হাসপাতালের পরিচালকসহ ১১ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার সিরাজগঞ্জ সদর আমলি আদালতে মামলাটি দায়ের করা হয়।
আদালত বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ১৫ জুলাই তাড়াশ উপজেলার মাদারজানী গ্রামের মনিরুল ইসলাম পেটে ব্যথার কারণে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় ওই দিন রাতেই তাঁকে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের কমিউনিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালের পরিচালক ও চিকিৎসক রুহুল আমিন রাত ১২টার দিকে মনিরুলের অস্ত্রোপচার করেন। এরপর থেকেই রোগীর অবস্থা আরও খারাপ হতে থাকে। একপর্যায়ে দিবাগত রাত তিনটার দিকে মনিরুল মারা যান।
এ ঘটনার পরদিন মৌখিক অভিযোগের ভিত্তিতে সিরাজগঞ্জের সিভিল সার্জন ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেন। কমিটির প্রতিবেদন পাওয়ার পর গতকাল বুধবার মনিরুলের বড় ভাই রেজাউল করিম বাদী হয়ে কমিউনিটি হাসপাতালের পরিচালক রুহুল আমিনসহ ১১ জনকে আসামি করে সিরাজগঞ্জ সদর থানা আমলি আদালতে মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন—হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশিদ ও তাঁর স্ত্রী বেবী খাতুন, হাসপাতালের কর্মচারী কামাল আহমেদ, সিদ্দিক হোসেন, তালেব হোসেন, আবদুল গফুর, আরমান আলী, মোহাম্মাদ মানিক, তানিয়া খাতুন এবং হাসপাতালের পাশের ওষুধের দোকানের মালিক মো. আবদুল্লাহ।
মামলার বাদী রেজাউল বলেন, সিভিল সার্জন কার্যালয়ের তদন্ত প্রতিবেদন পেতে বিলম্ব হওয়ায় মামলা করতে দেরি হয়েছে। উপযুক্ত প্রমাণ নিয়েই মামলাটি করা হয়েছে।