ভুল চিকিৎসায় শিক্ষিকার মৃত্যুর অভিযোগ
সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় অনজু রায় নামের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত মঙ্গলবার বিকেলে ওই নারীর স্বামী সিলেটের বালাগঞ্জের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায় লিখিতভাবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এ অভিযোগ করেন।
এ ঘটনায় গতকাল বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
অনজু রায়ের পরিবার জানায়, সুনামগঞ্জের দিরাই উপজেলার শুকুরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা অন্তঃসত্ত্বা অনজু রায়কে ২১ জানুয়ারি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন রাত আটটায় প্রসবের উদ্দেশ্যে তাঁকে অস্ত্রোপচারকক্ষে নেওয়া হয়। সেখানে চেতনানাশক ইনজেকশন দেওয়া মাত্রই রোগী যন্ত্রণায় চিৎকার শুরু করেন। এ সময় কর্তব্যরত চিকিৎসকেরা রোগীর অবস্থা আশঙ্কাজনক বলে জানান। রাত সাড়ে ১২টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে অনজু একটি কন্যাসন্তানের জন্ম দেন।
স্বামী তাপস কুমার রায় অভিযোগ করেন, অস্ত্রোপচারের পর তাঁর স্ত্রীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল। পরদিন ২২ জানুয়ারি বিকেলে তিনি মারা যান। ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি।