ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চার বছরের এক শিশু ভুল চিকিৎসায় গতকাল রোববার মারা গেছে বলে তার পরিবার অভিযোগ করেছে। শিশুটির বাবা গত শুক্রবার এক হোমিও চিকিৎসকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন।
ওই শিশুর নাম মুন্না আহমদ। সে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের কামারকান্দি গ্রামের দিনমজুর মোস্তাকীন মিয়ার ছেলে।
শিশুর স্বজনেরা বলেন, গত মে মাসে মুন্নার বাঁ পাশের চোখের কাছে একটি ব্রণ ওঠে। পরে স্বজনেরা তাকে কুলাউড়া পৌর শহরের রেলস্টেশন সড়কে অবস্থিত ঢাকা হোমিও হলে নিয়ে যান। সেখানে হোমিও চিকিৎসক আবুল হোসেন মুন্নাকে দেখে তাকে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র ও ওষুধ দেন। ব্যবস্থাপত্র অনুযায়ী, তিন দিন ওষুধ খাওয়ানোর পর মুন্নার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। তার চোখ-মুখ ফুলে যায়।
স্বজনেরা ২০ মে মুন্নাকে আবুল হোসেনের কাছে নিয়ে যান। এ সময় তিনি শিশুটিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। ২৩ মে ওই শিশুকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চোখের পরীক্ষা-নিরীক্ষা করা হয়। ১ জুন হাসপাতালের চিকিৎসকেরা মুন্নাকে ঢাকায় নিয়ে যেতে পরামর্শ দেন।
৫ জুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিশুটিকে ভর্তি করা হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা বলেন, মুন্নার অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এরপর স্বজনেরা তাকে বাড়িতে নিয়ে আসেন। গতকাল রোববার সে মারা যায়।
এর আগে গত শুক্রবার মোস্তাকীন মিয়া চিকিৎসক আবুল হোসেনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। মোস্তাকীন গতকাল বিকেলে বলেন, আবুল হোসেন ভুল চিকিৎসা করায় মুন্না মারা গেছে।
আবুল হোসেন মুঠোফোনে বলেন, তাঁর ওষুধে শিশুটির ক্ষতি হয়নি। অন্য কোনো কারণে সমস্যা হতে পারে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুদ্দোহা গতকাল বিকেলে মুঠোফোনে বলেন, শিশুটির মৃত্যুর খবর তিনি শুনেছেন। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।