ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, চিকিৎসক গ্রেপ্তার
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ভুল চিকিৎসায় চার বছর বয়সী শিশু মুন্না আহমদের মৃত্যুর অভিযোগে হোমিও চিকিৎসক আবুল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আবুল হোসেনের (৪০) বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার কোনাগ্রামে।
পুলিশ ও নিহত শিশুর স্বজনদের সূত্রে জানা গেছে, কিছুদিন আগে কুলাউড়া উপজেলার কামারকান্দি গ্রামের বাসিন্দা মোস্তাকীন মিয়ার ছেলে মুন্নার বাঁ পাশের চোখের কাছে একটি ব্রণ ওঠে। পরে স্বজনেরা তাকে কুলাউড়া পৌর শহরের রেলস্টেশন সড়ক এলাকায় আবুল হোসেনের চেম্বারে নিয়ে যান। আবুল মুন্নাকে দেখে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র ও ওষুধ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্যবস্থাপত্র অনুযায়ী তিন দিন ওষুধ খাওয়ানোর পর মুন্নার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। তার চোখ-মুখ ফুলে যায়। এরপর তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা করানো হয়। সেখানকার চিকিৎসকেরা বলেন, মুন্নার অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পরে স্বজনেরা মুন্নাকে বাড়িতে নিয়ে আসেন। গত রোববার সে মারা যায়। এ নিয়ে গতকাল সোমবার প্রথম আলোয় ‘ভুল চিকিৎসায় শিশুমৃত্যুর অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।
গত শুক্রবার ভুল চিকিৎসায় মুন্না গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তার বাবা মোস্তাকীন আবুল হোসেনের বিরুদ্ধে কুলাউড়া থানায় লিখিত এজাহার দেন। পুলিশ গত রোববার মুন্না মারা যাওয়ার পর এজাহারকে মামলা হিসেবে তালিকাভুক্ত করেছে।