ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া শহরে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় দেড় বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে সুপার ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশু রাফি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর গ্রামের বাসিন্দা মো. আরিফ মিয়ার ছেলে।

আরিফ মিয়া বলেন, ‘শনিবার সকালে খিঁচুনি হওয়ায় রাফিকে শহরের সুপার ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালে ভর্তি করি। চিকিৎসক আকতার হোসাইন ও জেলা সদর হাসপাতালের শিশুবিশেষজ্ঞ কনসালট্যান্ট মনির হোসেন শিশুটিকে চিকিৎসা দেন। রাত আটটার দিকে রাফিকে প্রথমে চিকিৎসক মুনির হোসেন ও সাড়ে আটটার দিকে চিকিৎসক আকতার হোসাইন দেখতে আসেন। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাকে ইনজেকশন দেন এবং কিছু ওষুধ সেবনের পরামর্শ দেন। এই ভুল চিকিৎসার কারণে রাত ১০টা ২০ মিনিটে রাফির মৃত্যু হয়।’

হাসপাতালটির চিকিৎসক মুস্তাফিজার রহমান দাবি করেন, ভুল চিকিৎসায় শিশুটির মৃত্যুর অভিযোগ সঠিক নয়। 

চিকিৎসক আকতার হোসাইন প্রথম আলোকে বলেন, ‘শিশুটি আমার নিয়মিত রোগী ছিল। সে এনকেফালাইটিস (মস্তিষ্কে ভাইরাসজনিত প্রদাহ) রোগে ভুগছিল। দুজন শিশুবিশেষজ্ঞ যৌথভাবে তাকে চিকিৎসা করেছি। রাতে তার অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছিলাম। কিন্তু স্বজনেরা শিশুটিকে ঢাকায় নিতে দেরি করেছেন।’