ভুল চিকিৎসায় শ্রমিকের মৃত্যুর অভিযোগ
ঝিনাইদহ শহরের আরাপপুর মণ্ডলপাড়ায় পল্লি চিকিৎসকের ভুল চিকিৎসায় আরিফ হোসেন (২৫) নামের এক পরিবহনশ্রমিকের মৃত্যু হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার ভোরে আরিফের মৃত্যু হয়।
আরিফ আরাপপুর এলাকার হানেফ আলীর ছেলে। তিনি কুষ্টিয়া-খুলনা সড়কে চলাচলকারী গড়াই পরিবহনে কাজ করতেন। ভুল চিকিৎসার অভিযোগে পুলিশ পল্লি চিকিৎসক গৌরপদ দত্তকে গ্রেপ্তার করেছে।
হানেফ আলী বলেন, পাইলস চিকিৎসার জন্য গত সোমবার গৌরপদ দত্ত আরিফকে উচ্চমাত্রায় ব্যথানাশক ওষুধ দেন। এতে ব্যথা দ্বিগুণ বেড়ে যায়। গৌরপদ তখন আরও উচ্চমাত্রার ওষুধ দেন। এরপর আরিফের শরীরে ইনজেকশন পুশ করলে শরীরে যন্ত্রণা শুরু হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আরিফকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, আরিফের দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। এই রোগী বাঁচানো অসম্ভব ব্যাপার। গতকাল ভোর ছয়টার দিকে আরিফের মৃত্যু হয়।