ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
পটুয়াখালীর বাউফলে ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় মরিয়ম বেগম (২২) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ‘সেবা ক্লিনিকে’ এ ঘটনা ঘটে।
মরিয়ম দশমিনা উপজেলার চর শাহজালাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক ছিলেন।
মরিয়মের ভাই আলী আকবর অভিযোগ করেন, ‘আজ সকাল সাতটার দিকে মরিয়মকে ওই ক্লিনিকে ভর্তি করা হয়। এরপর ওই ক্লিনিকের নিচ তলায় তাঁর বিভিন্ন পরীক্ষা করানো হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচারের জন্য পায়ে হেঁটেই অপারেশন থিয়েটারে যান মরিয়ম। এর প্রায় দেড় ঘণ্টা পর ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, ক্লিনিকে পর্যাপ্ত অক্সিজেন নেই, রোগীর শারীরিক অবস্থা খারাপ। দ্রুত বরিশাল পাঠাতে হবে। এর পর কম্বল দিয়ে পেঁচিয়ে মরিয়মকে স্ট্রেচারে করে তড়িঘড়ি করে একটি অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হয় এবং অ্যাম্বুলেন্সের চালককে চড়-থাপ্পড় দিয়ে বলা হয়: ‘চালা, বরিশাল নিয়ে যা’। অ্যাম্বুলেন্সে ওঠানোর কিছুক্ষণের মধ্যেই আমার বোন মারা যান।’
নিহতের বড় বোন কুলসুম বেগম অভিযোগ করেন, ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় ও চিকিৎসকের ভুল চিকিৎসায় তাঁর বোন মারা গেছেন। এ কারণে ক্লিনিক কর্তৃপক্ষ মরিয়মকে অ্যাম্বুলেন্সে উঠানোর আগ পর্যন্ত তাঁদের দেখতে দেয়নি। নিজেদের রক্ষা করার জন্যই ক্লিনিক কর্তৃপক্ষ বরিশাল পাঠানোর নাটক করেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ওই ক্লিনিকে প্রসূতিদের অস্ত্রোপচার করেন মাহাবুবুর রহমান সিকদার। তিনি পটুয়াখালী সদর হাসপাতালের গাইনি বিভাগের একজন চিকিৎসক।
স্থানীয় কয়েকজন অভিযোগ করেন, অ্যানেসথেসিয়া দেওয়ার চিকিৎসক না হয়েও প্রসূতি মায়েদের অ্যানেসথেসিয়া দিয়ে নিজেই আবার অস্ত্রোপচার করেন চিকিৎসক মাহাবুবুর।
মরিয়মের মৃত্যুর ব্যাপারে মাহাবুবুর রহমান সিকদার বলেন, ‘শারীরিক অবস্থা খারাপ হওয়ার কারণে রোগীকে বরিশাল পাঠাতে বলেছি।’
সেবা ক্লিনিকের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম দাবি করেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। পথে ওই রোগী মারা গেছে। এখানে ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলা ও চিকিৎসকের ভুল চিকিৎসার অভিযোগ ভিত্তিহীন।