ভুল চিকিৎসার অভিযোগে চিকিৎসকের শাস্তি দাবি
ভুল চিকিৎসার অভিযোগ এনে সংশ্লিষ্ট চিকিৎসকের শাস্তি ও সার্জিস্কোপ হাসপাতাল বন্ধের দাবি করেছে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া গৃহবধূ মেহেরুন্নেছার স্বজনেরা। আজ বুধবার নগরের প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন এবং সমাবেশ থেকে তাঁরা এ দাবি জানান।
গত রোববার নগরের পাঁচলাইশের সার্জিস্কোপ হাসপাতালে প্রসূতি মেহেরুন্নেছা মারা যান। ওই দিন সকালে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি এক কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন। অস্ত্রোপচার করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সহযোগী অধ্যাপক শামীমা সিদ্দিকী ওরফে রোজি। স্বজনেরা ভুল চিকিৎসা এবং অবহেলার অভিযোগ এনে ওই দিন হাসপাতালটিতে ভাঙচুর চালায়।
একই অভিযোগ এনে আজ দুপুরে নগরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন তাঁরা। কর্মসূচিতে স্বজন ছাড়াও নগরের চান্দগাঁও এলাকায় মেহেরুন্নেছার যাঁরা পাড়া প্রতিবেশী ছিলেন তাঁরাও অংশগ্রহণ করেন। ‘চিকিৎসক না কি ঘাতক’, ‘কসাইখানা সার্জিস্কোপ বন্ধ করা হোক’ ‘ডাক্তাররূপী মানুষখেকো’ ইত্যাদি ব্যানার ফেস্টুন দেখা যায় কর্মসূচিতে। মূল ব্যানারে লেখা ছিল ‘ডাক্তার শামীমা সিদ্দিকী রোজির ফাঁসি চাই’।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মেহেরুন্নেছার বাবা খায়রুল বশর ও শ্বশুর মো. ইসহাক। তাঁরা বলেন, শামীমা সিদ্দিকী আমাদের মেয়েকে মেরে ফেলেছে। অস্ত্রোপচারের পর রক্তক্ষরণ হলেও রোজি কিংবা অন্যান্য চিকিৎসকেরা এ বিষয়ে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেয়নি। আমরা শামীমার শাস্তি দাবি করছি। পাশাপাশি সার্জিস্কোপ বন্ধ করে দেওয়ার দাবি জানাচ্ছি।
সমাবেশে স্থানীয় বাসিন্দা সরওয়ার আলম চৌধুরী, মেহেরুন্নেছার ভাই মুস্তফা জামাল প্রমুখ বক্তব্য দেন। তবে চিকিৎসকের শাস্তি দাবি করলেও এ ব্যাপারে আজ দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ডা. শামীমা সিদ্দিকী প্রথম আলোকে মোবাইলে বলেন, ‘তাদের স্বজন মারা গেছে স্বাভাবিক একটি ক্ষোভ থাকতেই পারে। আমিও সমব্যথী। তবে আমার দিক থেকে চিকিৎসার কোনো অবহেলা ছিল না। অপারেশনের পর রোগী চার ঘণ্টা ভালো ছিল। উচ্চ রক্তচাপের কারণে তাঁর রক্তক্ষরণ শুরু হয়। আমি চেষ্টার ত্রুটি করিনি। এখন আমার বিচার চাইলে তাঁদের সেটা যথাযথ প্রক্রিয়ায় চাইতে পারে। মাঠে ময়দানে এভাবে ঢালাও অভিযোগ করা ঠিক কি-না সেটা আপনারাই বলুন।’