
‘আমার ছেলে তো কোনো অপরাধ করেনি। একটা নিরপরাধ ছেলেকে ধরে মেরে ফেলল। কী অপরাধ, তা জানার অধিকারও আমাদের নেই। অন্য তারেককে খুঁজতে গিয়ে পুলিশ ভুলবশত আমার নিরপরাধ ছেলেকে পিটিয়ে মেরে ফেলেছে...’ এটুকু বলার পরই তারেকের বাবা আবু জাফর সিকদারের গলার স্বর থেমে আসে।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নাওঘাটা মাঝিরপাড়া এলাকায় দুই দিন ধরেই চলছে মাতম। এলাকার ‘ছেলে’ মেজবাউদ্দিন তারেক যে খবরের শিরোনাম হয়েছে। যদিও এমন খবর তাঁরা শুনতে চাননি। কথিত ‘বন্দুকযুদ্ধ’ তাঁদের তারেককে যে নিয়ে গেছে না-ফেরার দেশে।
গতকাল মঙ্গলবার মাঝিপাড়ায় তারকের পৈতৃক বাড়িতে কথা হয় তাঁর বাবা ব্যবসায়ী আবু জাফরের সঙ্গে। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘সরকারের কাছে এবং পুলিশ প্রশাসনের কাছে জানতে চাই, আমার ছেলের অপরাধ কী? আমার ছেলের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) পর্যন্ত হয়নি কোনো দিন।’
তারেকের ভাই শিহাব উদ্দিন বলেন, ‘আমার ভাইকে যে ভুলবশত মেরেছে, তার প্রমাণ হলো তাঁর নাম হলো মেজবাউদ্দিন তারেক। কিন্তু ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের নামের তালিকায় তাঁর নাম ছিল মাসুদ তারেক।’ তিনি আরও বলেন, ‘ভাইয়ের সারা শরীরে লাঠি দিয়ে আঘাতের চিহ্ন ছিল। এ হত্যার সুষ্ঠু তদন্তসহ বিচার চাই আমরা।’
গত রোববার গভীর রাতে রাজধানীর মুগদা এলাকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন মেজবাউদ্দিন তারেক।
‘বন্দুকযুদ্ধে’ নিহত, পরিবার বলছে ধরে নিয়ে হত্যাতারেকের বাবা আবু জাফর সিকদার জানান, ১৯৯৮ সাল থেকে ঢাকার দনিয়া এলাকায় স্থায়ীভাবে পরিবার নিয়ে থাকছেন তিনি। তারেকেরা তিন ভাই। তারেক সবার বড়। তিনি আরও বলেন, এলাকার কারও সঙ্গে তাঁর সন্তানদের ও পরিবারের বিরোধ ছিল না।
সেদিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবু জাফর বলেন, গত শনিবার দিবাগত রাত দুইটায় ডিবি পুলিশের একটি দল ঘরের দরজায় কড়া নাড়লে তিনি দরজা খুলে দেন। তাঁর ধারণা ছিল, তিনি যেহেতু ওষুধের ব্যবসা করেন, তাই রাতে কারও জরুরি প্রয়োজন হওয়ায় দরজায় কড়া নেড়েছে। কিন্তু ডিবি পুলিশের পরিচয় দেওয়া ব্যক্তিরা ঘুমিয়ে থাকা তারেকের কাছে গিয়ে অস্ত্র খোঁজে। তাঁকে ঘুম থেকে ডেকে তুলে বাড়ির সামনে আধা ঘণ্টা ধরে লাঠি দিয়ে মারতে থাকে। এ সময় তাঁদের ঘর থেকে বের হতে দেওয়া হয়নি। তিনি বলেন, ওই মারেই সম্ভবত সেখানেই তারেক মারা যায়। ঘর থেকে বের হওয়ার সময় তারেক তাঁকে বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার, আমি কোনো অপরাধ করিনি।’
তারেকের চাচা মো. আলী বলেন, তারেক উচ্চমাধ্যমিক পাস করে একটি ওষুধ কোম্পানিতে চাকরি নেন। পরে আদমজীতে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করেন। এক মাস আগে তিনি চাকরি ছেড়ে দিয়ে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিতে থাকেন। কোরবানির ঈদের আগেই তাঁর বিদেশে চলে যাওয়ার কথা ছিল। বিদেশে যাওয়ার আগে তারেক বাবার মালিকানাধীন ওষুধ ফার্মেসিতে বসতেন।
নিহত তারেকের মা জয়নাব বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ডিবি পুলিশকে জিজ্ঞেস করেছিলাম, কেন আমার ছেলেকে এভাবে মারছেন? তারা অস্ত্র দেখিয়ে ভয় দেখায়। বলে, কোনো শব্দ করবি না। চুপ থাক।’ তিনি বলেন, ‘কেউ তারেককে খারাপ বলেনি। আজ যদি আমার ছেলে অপরাধী হইত তাহলে মনটাকে বুঝাইতে পারতাম।’
গত সোমবার সকাল ১০টায় নিজ গ্রামের বাড়িতে তারেকের দাফন হয়।