ভুল প্রশ্নপত্র বিতরণ, শিক্ষার্থীরা পেল কম সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষার প্রথম দিনে গতকাল বৃহস্পতিবার যশোরের একটি কেন্দ্রে নিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ পাওয়া গেছে। অন্তত ১৫ মিনিট পর সঠিক প্রশ্নপত্র দেওয়া হলেও তাদের অতিরিক্ত সময় দেওয়া হয়নি।
গতকাল বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। যশোর শিক্ষা বোর্ডের অধীনে যশোর মিউনিসিপ্যাল প্রিপারেটরি বিদ্যালয় কেন্দ্র থেকে ৭৪১ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।
ওই কেন্দ্রের একজন শিক্ষার্থীর অভিভাবক শরীফউদ্দীন প্রথম আলোকে বলেন, কেন্দ্রের ২৭ নম্বর কক্ষে তাঁর মেয়ে নিয়মিত হিসেবে পরীক্ষা দিচ্ছে। গতকাল বাংলা প্রথম পত্র পরীক্ষার সময় তাকে অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়া হয়। ১০-১৫ মিনিট পর সে অন্যদের সঙ্গে নিজের প্রশ্নপত্র মিলিয়ে ভুল প্রশ্নপত্র পাওয়ার বিষয়টি বুঝতে পারে। অভিযোগ করলে কক্ষ পরিদর্শক তাকে সঠিক প্রশ্নপত্র দেন। কিন্তু তাকে বাড়তি কোনো সময় দেওয়া হয়নি। এ কারণে সে ৮ নম্বর মানের প্রশ্নের উত্তর লেখার সময় পায়নি।
একই কেন্দ্রের আরও কয়েকজন পরীক্ষার্থীর ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে বলে অভিভাবকদের সূত্রে জানা গেছে। এ কারণে তাঁরা সন্তানদের পরীক্ষার ফল খারাপ হওয়ার আশঙ্কা করছেন।
অভিযোগের ব্যাপারে বক্তব্য জানতে চাইলে যশোর মিউনিসিপ্যাল প্রিপারেটরি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব আবদুস সবুর রেগে যান। তিনি এই প্রতিবেদকের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো বকাঝকা করেন।
যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পারভেজ হাসান প্রথম আলোকে বলেন, বিষয়টির খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধবচন্দ্র রুদ্র প্রথম আলোকে বলেন, অভিভাবকেরা অভিযোগ দিলে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।